সারাদেশে মঙ্গলবার থেকে টানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
দেশের কোথাও আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে ২৮ অক্টোবর মঙ্গলবার থেকে সারাদেশে টানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
২৬ অক্টোবর রবিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের দেওয়া পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসে বলা হয়, ২৭ অক্টোবর সোমবার সন্ধ্যা পর্যন্ত দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং সারাদেশেই আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
দিন ও রাতের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন আসবে না। তবে সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-একটি স্থানে হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আবহাওয়া শুষ্ক থাকবে এবং তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
২৮ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যা থেকে রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
অন্যদিকে দেশের বাকি অংশে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে। সেই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
আপনার মতামত লিখুন :