জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ভবিষ্যৎ নির্মাণের প্রেরণা : প্রধানমন্ত্রী তারেক রহমান


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৫ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

জুলাই গণঅভ্যুত্থানের অমর চেতনা কেবল ইতিহাসের গৌরব নয়, বরং ভবিষ্যৎ নির্মাণের প্রেরণা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৫ জুলাই) ঐতিহাসিক জুলাই শহীদ দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।

আগামীকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) পালিতব্য জুলাই শহীদ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা, শোক ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ এবং চট্টগ্রামে কলেজশিক্ষার্থী মোহাম্মদ ওয়াসিম আকরামসহ অন্তত ছয়জন শহীদ হন। আবু সাঈদের বুক চিতিয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকার দৃশ্য গণতন্ত্রকামী মানুষের মনে তীব্র প্রতিরোধের শক্তি জাগিয়ে তোলে।

তিনি বলেন, কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন পরে ফ্যাসিবাদবিরোধী গণআন্দোলনে রূপ নেয় এবং ছাত্র-জনতার ঐক্যবদ্ধ গণঅভ্যুত্থানের মুখে স্বৈরাচারী সরকার দেশ ছাড়তে বাধ্য হয়।

প্রধানমন্ত্রী আরও বলেন, ১৬ জুলাই জাতীয় ইতিহাসের এক অবিস্মরণীয় সন্ধিক্ষণ। নিরস্ত্র ছাত্র-জনতার সাহসী প্রতিরোধ জাতির বিবেককে জাগ্রত করেছিল এবং আবু সাঈদের আত্মত্যাগ গণতান্ত্রিক অধিকারবঞ্চিত জাতির ভয় জয় করার প্রতীকে পরিণত হয়েছে।

তিনি বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থান ছিল দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদ, দুর্নীতি, গুম, খুন, দমন-পীড়ন ও ভোটাধিকার হরণের বিরুদ্ধে সমগ্র জাতির ঐক্যবদ্ধ প্রতিরোধ। শহীদদের আত্মত্যাগের শক্তিতেই বাংলাদেশ নতুন করে গণতন্ত্র, অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার সুযোগ পেয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, শহীদদের রক্ত কখনো বৃথা যেতে পারে না। তাদের আত্মত্যাগের পথ ধরেই নিরাপদ, মানবিক, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলাই সরকারের অঙ্গীকার। তিনি সকল শহীদের রুহের মাগফিরাত এবং গণঅভ্যুত্থানে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ