কৃষি, প্রযুক্তি ও অর্থনীতিতে নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ফিরলেন প্রধানমন্ত্রী


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর এ সফরকে বাংলাদেশের জন্য ‘ঐতিহাসিক অর্জন’ হিসেবে অভিহিত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, কৃষি, প্রযুক্তি, অর্থনীতি ও ভূরাজনীতির ক্ষেত্রে এ সফর বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাত ২টা ৪৮ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিয়মিত ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, মন্ত্রিসভার কয়েকজন সদস্য, উপদেষ্টা, সংসদ সদস্য এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।

বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুহুল কবির রিজভী বলেন, জাপান সফরে ২৯৫ দশমিক ৫ মিলিয়ন ডলারের প্রতিশ্রুতিসহ বেশ কয়েকটি সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বিরোধী দলের নেতিবাচক সমালোচনার মধ্যেও এ সফর বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ অর্জন বয়ে এনেছে বলে মন্তব্য করেন তিনি।

রিজভী আরও বলেন, সফরে অর্জিত সুযোগ ও সম্ভাবনাগুলো যথাযথভাবে কাজে লাগাতে পারলে বাংলাদেশ লুটপাটনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসতে পারবে বলে তিনি আশাবাদী।

এদিকে, বিমানে যান্ত্রিক ত্রুটির বিষয়ে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, এ ত্রুটি প্রধানমন্ত্রীর সফর কিংবা দেশে ফেরার ক্ষেত্রে তেমন কোনো প্রভাব ফেলেনি।

এর আগে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জাপানের স্থানীয় সময় রাত ১০টা ৫৬ মিনিটে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ সময় তখন রাত ৭টা ৫৬ মিনিট।

উল্লেখ্য, গত ২৬ অক্টোবর চার দিনের সরকারি সফরে জাপান যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠকে অংশ নেন তিনি। বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এ ছাড়া জাপানের বিভিন্ন বেসরকারি কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এসব বৈঠকে বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধি, বাণিজ্য সম্প্রসারণ এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিষয় গুরুত্ব পায়।

সফরকালে জাপানে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সঙ্গেও মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্টদের মতে, এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও জাপানের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং অর্থনৈতিক অংশীদারত্ব আরও সম্প্রসারণের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ