চুনারুঘাটে সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২১ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
মীর জুবাইর আলম, চুনারুঘাট থেকে :
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের ধলাঝাই, উছমানপুরসহ আশপাশের এলাকার গুরুত্বপূর্ণ একটি সড়কের বেহাল অবস্থার কারণে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগে রয়েছেন প্রায় ৫০ হাজার মানুষ। স্থানীয়দের অভিযোগ, ভাঙাচোরা ও কাদাময় এই সড়কের কারণে শুধু যাতায়াতই নয়, শিক্ষা, চিকিৎসা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সামাজিক জীবনও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এমনকি অনেক যুবক-যুবতীর বিয়ের সম্পর্কও ভেঙে যাচ্ছে বলে দাবি করেছেন এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দারা জানান, এটি চুনারুঘাট উপজেলা পরিষদের অধীন একটি গুরুত্বপূর্ণ সড়ক। প্রতিদিন হাজারো মানুষ এই পথ ব্যবহার করলেও বছরের পর বছর ধরে সড়কটির সংস্কার হয়নি। বর্ষা মৌসুমে সড়কজুড়ে কাদা ও বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচল প্রায় অচল হয়ে পড়ে। অনেক সময় পায়ে হেঁটেও চলাচল করা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে ওঠে।
এলাকার যুবক-যুবতীদের অভিভাবক ও স্বজনদের দাবি, সড়কের এমন দুরবস্থার কারণে অনেক পরিবার এ এলাকায় আত্মীয়তার সম্পর্ক গড়ে তুলতে অনাগ্রহ প্রকাশ করছে। ফলে বিয়ের আলোচনা শেষ মুহূর্তে এসে ভেঙে যাওয়ার ঘটনাও ঘটছে, যা স্থানীয়দের মধ্যে হতাশা সৃষ্টি করেছে।
যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় জরুরি চিকিৎসাসেবা পেতেও চরম দুর্ভোগের শিকার হচ্ছেন এলাকাবাসী। অসুস্থ রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়া কঠিন হয়ে পড়ছে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সময়মতো ঘটনাস্থলে পৌঁছাতে সমস্যা হওয়ায় মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধির আশঙ্কাও প্রকাশ করেছেন স্থানীয়রা।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা। কাদা ও ভাঙাচোরা সড়কের কারণে অনেক শিক্ষার্থী নিয়মিত স্কুল-কলেজে যেতে পারছে না। ফলে তাদের লেখাপড়ায় নেতিবাচক প্রভাব পড়ছে।
স্থানীয় বাসিন্দারা দ্রুত সড়কটি সংস্কারের জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের মতে, সড়কটি সংস্কার করা হলে যাতায়াতের দুর্ভোগ কমবে, শিক্ষা ও চিকিৎসাসেবা সহজ হবে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে এবং সামাজিক সম্পর্কও স্বাভাবিক হয়ে উঠবে।
আপনার মতামত লিখুন :