দিনাজপুরে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
অনলাইন ডেস্ক :
দিনাজপুরে পৌঁছে কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া এলাকায় ১২ কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এই কর্মসূচির মাধ্যমে একযোগে দেশব্যাপী ৫৩টি খাল পুনঃখননের কার্যক্রম শুরু হবে। পরে তিনি সেখানে আয়োজিত এক সমাবেশে বক্তব্য রাখবেন।
আব্দুল গফুর সরকার জানান, উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী দিনাজপুর শহরের ফরিদপুর গোরস্থানে যাবেন। সেখানে তিনি তার নানা মরহুম মো. ইস্কান্দার মজুমদার, নানি মরহুমা তৈয়বা মজুমদার এবং খালা খুরশীদ জাহান হকসহ নিকট আত্মীয়দের কবর জিয়ারত করবেন।
এরপর স্থানীয় সুধীজন ও রাজনৈতিক নেতাদের সঙ্গে ইফতারে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে খাল পুনঃখনন কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় খনন করা অনেক খাল বর্তমানে ভরাট হয়ে গেছে। এসব খাল পুনঃখননের মাধ্যমে সেচব্যবস্থা উন্নয়ন, মাছ চাষ, হাঁস পালনসহ খালনির্ভর অর্থনীতি শক্তিশালী করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
গত শুক্রবার দুপুরে সাহাপাড়া-বলরামপুর খাল পরিদর্শন শেষে মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বলেন, প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ এই খাল খননের ফলে প্রায় সাড়ে তিন লাখ মানুষ উপকৃত হবেন।
তিনি আরও বলেন, খালটি পুনঃখননের মাধ্যমে অতিরিক্ত বন্যা থেকে সুরক্ষা পাওয়া যাবে এবং শুষ্ক মৌসুমে সেচ সুবিধা নিশ্চিত হবে।
পানিসম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)-এর সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। শুধু খাল খননই নয়, খালের পাড় সংরক্ষণ, বাঁধ নির্মাণ এবং বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে।
এছাড়া খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহারের ব্যবস্থা করা হবে, যাতে কৃষি উৎপাদন বৃদ্ধি পায় এবং স্থানীয় মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটে।
আপনার মতামত লিখুন :