গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু চায় না সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
গুম, বিচারবহির্ভূত হত্যা ও পুলিশ হেফাজতে মৃত্যু কোনোভাবেই সরকার চায় না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। দেশে গুমের সংস্কৃতি চিরতরে বন্ধ করা এবং গুমের শিকার ব্যক্তিদের পরিবারকে পুনর্বাসনে সরকার কাজ করবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
বুধবার (২৮ অক্টোবর) জাতীয় সংসদে সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠক শেষে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এদিন সংসদে গত ১৭ বছরে গুমের শিকার হওয়া এবং এখনো ফিরে না আসা ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে বৈঠক করেন কমিটির সদস্যরা। বৈঠকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের কথা শোনা হয়। তাঁদের পুনর্বাসন এবং দেশে গুমের ঘটনা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, গুমের সংস্কৃতি চিরতরে বন্ধ করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। গুমের শিকার ব্যক্তিদের পরিবারগুলোর পুনর্বাসনেও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
ব্রিফিংয়ে গুমের অভিযোগ ওঠা মিরাজ শেখের বিষয়টিও উঠে আসে। এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের চলমান তদন্তের পাশাপাশি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোও যেন বিষয়টি নিয়ে স্বাধীনভাবে তদন্ত করে, সে আহ্বান জানানো হচ্ছে।
এ ছাড়া পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) দেওয়া একটি বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বক্তব্যটি অসতর্কতাবশত ভুল ছিল। এ ধরনের শব্দচয়ন যথাযথ হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যুর মতো মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ বন্ধে সরকারের অবস্থান এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের বিষয়টি গুরুত্ব পেয়েছে।
আপনার মতামত লিখুন :