অপ্রকাশিত গান ও ছবি চুরির অভিযোগে হ্যাকারদের বিরুদ্ধে মামলা করলেন আরিয়ানা গ্রান্ডে
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
বিনোদন ডেস্ক :
ডিজিটাল অ্যাকাউন্টে অনুপ্রবেশ করে অপ্রকাশিত গান, মিউজিক ভিডিওর ফুটেজ ও ব্যক্তিগত ছবি চুরি এবং ফাঁসের অভিযোগে বেনামী হ্যাকার চক্রের বিরুদ্ধে মামলা করেছেন মার্কিন পপ তারকা আরিয়ানা গ্রান্ডে।
সোমবার (২৭ জুলাই) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি আদালতে মামলাটি দায়ের করা হয়। বিনোদনবিষয়ক সাময়িকী ভ্যারাইটি-র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মামলার নথিতে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে একদল অজ্ঞাত ব্যক্তি ফিশিং স্ক্যাম ও হ্যাকিংয়ের মাধ্যমে আরিয়ানা গ্রান্ডের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সহকর্মীর ডিভাইস ও অনলাইন অ্যাকাউন্টে অনুপ্রবেশ করে অপ্রকাশিত ডিজিটাল কনটেন্ট চুরি করে আসছিল।
অভিযোগ অনুযায়ী, হ্যাকাররা শুধু গায়িকার ব্যক্তিগত ডিভাইসই নয়, তার সহযোগী প্রযোজক, ফটোগ্রাফার এবং ডিজিটাল টেকনিশিয়ানদের ড্রপবক্স ও গুগল অ্যাকাউন্টও লক্ষ্যবস্তুতে পরিণত করে। পরে এসব অ্যাকাউন্টে অবৈধ প্রবেশাধিকার বা ‘ব্যাকডোর’ তৈরি করে অপ্রকাশিত গান, মিউজিক ভিডিওর ফুটেজ ও অন্যান্য ডিজিটাল সম্পদ সংগ্রহ করে বিপুল অর্থের বিনিময়ে বিক্রি করা হয়।
মামলায় আরও উল্লেখ করা হয়েছে, ২০১১ সালে সংগীতজগতে আত্মপ্রকাশের পর থেকে এ পর্যন্ত আরিয়ানা গ্রান্ডের শত শত অপ্রকাশিত তথ্য ও কনটেন্ট ফাঁসের ঘটনা ঘটেছে।
আরিয়ানা গ্রান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মামলার মূল উদ্দেশ্য হলো হ্যাকিংয়ের সঙ্গে জড়িত অজ্ঞাত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করা এবং তাদের আইনের আওতায় আনা। একই সঙ্গে নিজের এবং বিনোদন অঙ্গনের অন্যান্য শিল্পীদের সৃজনশীল কাজ ও ডিজিটাল সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতেই এ আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :