বৈরী আবহাওয়ায় পরীক্ষা মিস করা শিক্ষার্থীরা পাবেন বিশেষ সুযোগ : শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৫ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
প্রতিকূল আবহাওয়ার কারণে চলমান এইচএসসি ও সমমান পরীক্ষার কোনো বিষয়ে অংশ নিতে না পারা শিক্ষার্থীরা বিশেষ সুযোগ পাবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে তিনি বলেন, বৈরী আবহাওয়ার কারণে যারা নির্ধারিত দিনে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি, তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ের অভিন্ন প্রশ্নপত্রে শিক্ষা মন্ত্রণালয় নির্ধারিত একই তারিখ ও সময়ে পরীক্ষায় অংশ নিতে পারবেন।
শিক্ষামন্ত্রী বলেন, সম্প্রতি ভারী বর্ষণ ও প্রতিকূল আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবানের পরীক্ষা স্থগিত করা হয়। এছাড়া চট্টগ্রাম বোর্ডের বাইরেও দেশের বিভিন্ন জেলায় বিচ্ছিন্নভাবে কিছু পরীক্ষার্থী বৈরী আবহাওয়া ও অন্যান্য কারণে নির্ধারিত পরীক্ষায় অংশ নিতে পারেননি।
তিনি বলেন, এইচএসসি পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। তাই মানবিক ও বিশেষ বিবেচনায় এসব পরীক্ষার্থীর জন্য পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।
এ সময় শিক্ষামন্ত্রী আরও জানান, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভুল প্রশ্নপত্র প্রণয়নের সঙ্গে জড়িত ব্যক্তিদের ইতোমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি তিনি আশ্বস্ত করেন, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্নে যে ভুল হয়েছে, তার জন্য সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়া হবে।
আপনার মতামত লিখুন :