সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৫৮০
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
সারাদেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৫৮০ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (৩ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ৮১ জন, চট্টগ্রামে ৭৯ জন, ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ১২৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৮ জন, খুলনায় ৬৭ জন, ময়মনসিংহে ৩৬ জন, রাজশাহীতে ২২ জন, রংপুরে ৩১ জন এবং সিলেট বিভাগে ২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশে মোট ১৬ হাজার ৬৮৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৬২ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৮ শতাংশ নারী।
এদিকে, এ পর্যন্ত ১৫ হাজার ৩৪৪ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
সর্বশেষ ৩ জনের মৃত্যুর পর চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৫৯ জনে দাঁড়িয়েছে। ডেঙ্গুর বিস্তার রোধে জমে থাকা পরিষ্কার পানি অপসারণ, মশার প্রজননস্থল ধ্বংস এবং ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
আপনার মতামত লিখুন :