রাঙ্গামাটির লংগদুতে মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
রাঙামাটি প্রতিনিধি :
রাঙামাটির লংগদুতে এক মেয়েকে ধর্ষণের অভিযোগে তাঁর ৬৫ বছর বয়সী সৎ বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই ভুক্তভোগীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে প্রতিবেশী এক যুবককেও গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে উপজেলার আটারকছড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ডানে আটারকছড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী মেয়েটি তাঁর মায়ের সঙ্গে ওই এলাকায় সৎ বাবার বাড়িতে বসবাস করতেন। অভিযোগ রয়েছে, গত সপ্তাহে বাড়িতে একা থাকার সুযোগে সৎ বাবা ফজলুল হক চৌধুরী (৬৫) তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরবর্তী সময়ে বিভিন্ন সময়েও একইভাবে তাকে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বিষয়টি এলাকায় জানাজানি হওয়ার পর একই মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠে প্রতিবেশী যুবক শহিদুলের (২৩) বিরুদ্ধে। পরে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে লংগদু থানা পুলিশ অভিযান চালিয়ে ফজলুল হক চৌধুরী ও শহিদুলকে গ্রেপ্তার করে।
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া জানান, গত এক সপ্তাহ ধরে ঘটনাগুলো ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে সৎ বাবা ও ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিবেশী যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :