এডিবির ১০০ কোটি ডলার ঋণে বাড়ল রিজার্ভ, ৪৩ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) থেকে বাজেট সহায়তার ১০০ কোটি ডলার ঋণ পাওয়ায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৫ দশমিক ৬৩ বিলিয়ন ডলার। এটি গত ৪৩ মাসের মধ্যে সর্বোচ্চ বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
রোববার (১৪ জুন) পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, ঋণ সহায়তা যুক্ত হওয়ার পর গ্রস রিজার্ভ এক লাফে বেড়ে এই অবস্থানে পৌঁছায়। এর আগে গত বৃহস্পতিবার রিজার্ভ ছিল ৩৪ দশমিক ৫৯ বিলিয়ন ডলার।
অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম৬ অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে ৩১ দশমিক ০৭ বিলিয়ন ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২১ সালের আগস্টে দেশের রিজার্ভ সর্বোচ্চ প্রায় ৪৮ বিলিয়ন ডলারে পৌঁছায়। তবে পরবর্তী সময়ে বিভিন্ন কারণে তা দ্রুত কমতে থাকে এবং ২০২৪ সালের আগস্টে বিপিএম৬ অনুযায়ী ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলারে নেমে আসে।
সাম্প্রতিক সময়ে রেমিট্যান্স প্রবাহ বাড়ায় রিজার্ভে ইতিবাচক ধারা দেখা দিয়েছে। চলতি অর্থবছরের ১০ জুন পর্যন্ত প্রবাসী আয় দাঁড়িয়েছে ৩৩ দশমিক ৯৬ বিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ১৯ শতাংশ বেশি।
বিশ্লেষকদের মতে, রেমিট্যান্স প্রবাহ ও বহুপাক্ষিক ঋণ সহায়তার কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি ফিরছে।
আপনার মতামত লিখুন :