দিনাজপুরের বীরগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহনপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
শনিবার (২৭ জুন) দুপুরে উপজেলার মোহনপুর ইউনিয়নের চৌধুরীহাটে বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে আলোচনা সভা ও চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জুর পক্ষে দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা, দিনাজপুর চেম্বার অব কমার্সের পরিচালক এবং আসন্ন বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. রেজওয়ানুল ইসলাম (রিজু)।
উপজেলা তরুণ দলের আহ্বায়ক রিমন ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, ছাত্র বিষয়ক সম্পাদক সাহাজান সিরাজ শিপন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল জব্বার ও আবু সাঈদ, সদস্য সচিব তানভীর চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুর রহমান বলেন, ২০০৭ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ে বর্তমানে প্রায় সাড়ে চারশ’ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থী অধ্যয়ন করছে। শিক্ষকরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে শিক্ষার্থীদের পরিচর্যা ও পাঠদান করছেন। তিনি জানান, বিদ্যালয়টি ও এখানকার শিক্ষার্থীরা এখনও সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্যসহ সরকারের সংশ্লিষ্ট মহলের সুদৃষ্টি কামনা করেন তিনি।
আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :