শহরমুখী শিক্ষকদের গ্রামে ফেরানো হবে, জুলাই থেকে চালু মিড ডে মিল : শিক্ষামন্ত্রী


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, গত দুই দশকে যেসব শিক্ষক গ্রামের দায়িত্ব এড়িয়ে শহরে অবস্থান করছেন, তাদের পুনরায় গ্রামে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে। শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ও সমতা ফেরাতে সরকার এ বিষয়ে কঠোর অবস্থানে যাচ্ছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে খুলনা বিভাগীয় অডিটরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

মন্ত্রী জানান, আগামী জুলাই মাস থেকে দেশের সব স্কুলে মিড ডে মিল কার্যক্রম চালু করা হবে। এই কর্মসূচিতে কোনো ধরনের অনিয়ম হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

শিক্ষক সংকটের বিষয়টি তুলে ধরে এহসানুল হক মিলন বলেন, বর্তমানে প্রায় ৬০ হাজার শিক্ষকের ঘাটতি নিয়ে দেশের শিক্ষা ব্যবস্থা চলছে। এই অবস্থায় শিক্ষার মান উন্নয়ন সম্ভব নয়। তাই ধাপে ধাপে নতুন শিক্ষক নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে।

পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা প্রসঙ্গে মন্ত্রী বলেন, আগে খাতা চ্যালেঞ্জ করলে শুধু নম্বর পুনরায় যোগ করা হতো। এখন আইন সংশোধনের মাধ্যমে পুরো খাতা পুনর্মূল্যায়নের সুযোগ রাখা হয়েছে, যাতে শিক্ষার্থীরা ন্যায্য ফল পায়।

শিক্ষা ব্যবস্থায় জবাবদিহি, গ্রাম-শহরের বৈষম্য দূর করা এবং শিক্ষার মান উন্নয়নে সরকার দৃঢ়ভাবে কাজ করছে বলেও মতবিনিময় সভায় জানান শিক্ষামন্ত্রী।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ