সন্তানের ভবিষ্যতের কথা ভেবে গাছ লাগানোর ডাক প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে দেশের প্রতিটি নাগরিককে অন্তত একটি করে গাছের চারা রোপণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৩ জুন) বিকেলে কক্সবাজারের ডুলাহাজারার মালুমঘাট সংরক্ষিত বনে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন শেষে তিনি এই আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে প্রত্যেক নাগরিকের উচিত নিজের সামর্থ্য অনুযায়ী একটি করে গাছ লাগানো। এতে আগামী প্রজন্ম একটি সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশে বুক ভরে শ্বাস নিতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
দূষণমুক্ত পরিবেশ গড়ার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এই বৃক্ষরোপণ অভিযান সফল হলে ভবিষ্যতে দেশের বাতাস আরও পরিষ্কার ও বিশুদ্ধ হবে। একই সঙ্গে তিনি স্মরণ করিয়ে দেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরকার গঠন করলে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করার অঙ্গীকার ছিল, যা আজ বাস্তবায়নের পথে।
প্রধানমন্ত্রী জানান, সরকারের লক্ষ্য প্রতি বছর অন্তত পাঁচ কোটি গাছ রোপণ করা। সেই ধারাবাহিকতায় আগামী পাঁচ বছরে মোট ২৫ কোটি গাছের চারা লাগানো হবে।
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত সারা দেশের জেলা প্রশাসকদের উদ্দেশে তিনি নির্দেশনা দিয়ে বলেন, নিজ নিজ জেলাকে সবুজ ও পরিবেশবান্ধব অভয়ারণ্য হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।
সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আগামী দিনে বাংলাদেশের বাতাসকে আরও মুক্ত, পরিষ্কার ও বাসযোগ্য করে তোলা সম্ভব হবে।
আপনার মতামত লিখুন :