কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে দ্যুতি ছড়ালেন আলিয়া ভাট
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বিনোদন ডেস্ক :
কান চলচ্চিত্র উৎসব ২০২৬-এর আসরে দ্বিতীয়বারের মতো রেড কার্পেটে হেঁটে নজর কাড়লেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। তবে শুধু তার গ্ল্যামার নয়, ভারতীয় সিনেমার বক্স অফিস নিয়ে দেওয়া সাহসী মন্তব্যও এখন আলোচনার কেন্দ্রে।
উৎসবের উদ্বোধনী দিনে আলিয়া হাজির হন হালকা ব্লাশ পিঙ্ক রঙের একটি স্ট্র্যাপলেস গাউনে। ১৯৫০-এর দশকের অনুপ্রেরণায় তৈরি পোশাকে ছিল হাতে আঁকা সূক্ষ্ম কারুকাজ, যেখানে ফুটে উঠেছে ফরাসি উপকূলের নান্দনিকতা। ছিমছাম মেকআপ ও ঢেউখেলানো চুলে তাকে অনেকটাই রূপকথার রাজকন্যার মতো লাগছিল।
উৎসবের ফাঁকে এক সাক্ষাৎকারে বর্তমান সময়ের সিনেমার সাফল্য ও বক্স অফিস নিয়ে নিজের মতামত তুলে ধরেন আলিয়া। তিনি প্রশ্ন তোলেন, কেন এখনো বক্স অফিসের বড় সাফল্যকে শুধু পুরুষ দর্শক বা পুরুষকেন্দ্রিক সিনেমার দৃষ্টিকোণ থেকে বিচার করা হয়।
আলিয়া বলেন, বিশ্বজুড়ে ‘বার্বি’ কিংবা ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’র মতো সিনেমাগুলো নারীদের কারণেই ব্যাপক সফলতা পেয়েছে। অথচ ভারতে এখনো মনে করা হয়, সিনেমা হলের অধিকাংশ দর্শক পুরুষ। এই ধারণা থেকে বের হয়ে আসার সময় এসেছে বলেও মন্তব্য করেন তিনি।
তার মতে, গণমানুষের সিনেমা মানেই শুধু পুরুষদের পছন্দ নয়। নারীরাও বড় সংখ্যায় সিনেমা হলে যান এবং একটি সিনেমার সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাই বক্স অফিস বিশ্লেষণে নারীদের দর্শক হিসেবেও সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন।
সূত্র : গালফ নিউজ
আপনার মতামত লিখুন :