সরকারি উদ্যোগে হোসেনপুরে শিক্ষার্থীদের মাঝে অ্যাসিস্টিভ ডিভাইস বিতরণ
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০২ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
মো: মানসুরুল হক রবিন, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
কিশোরগঞ্জের হোসেনপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে অ্যাসিস্টিভ ডিভাইস, চিকিৎসা সহায়তা সামগ্রী ও আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে উপজেলা চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা। তিনি নিজ হাতে বিশেষ চাহিদাসম্পন্ন, চিকিৎসাবঞ্চিত ও অসহায় শিক্ষার্থীদের মাঝে হুইলচেয়ার, হিয়ারিং এইড, চিকিৎসা সামগ্রী এবং নগদ অর্থ তুলে দেন।
অনুষ্ঠানে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সাদিকুর রহমানসহ শিক্ষা বিভাগের কর্মকর্তারা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন।
কর্মসূচির আওতায় চরপুমদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আরাফাতকে চলাচলের সুবিধার্থে একটি হুইলচেয়ার প্রদান করা হয়। এছাড়া একই বিদ্যালয়ের শিক্ষার্থী তাফসির হাসান এবং তৃতীয় শ্রেণির শিক্ষার্থী স্মৃতিকে একটি করে হিয়ারিং এইড দেওয়া হয়।
এছাড়া উপজেলার ধনকুড়া হাজী এ. খালেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী জান্নাতের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। পাশাপাশি ইউএনও কাজী নাহিদ ইভার ব্যক্তিগত উদ্যোগে তার হাতে আর্থিক সহায়তাও তুলে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও কাজী নাহিদ ইভা বলেন, "বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষা ও স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে সরকারের এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব সহায়তা তাদের আত্মবিশ্বাস বাড়াবে এবং মূলধারার শিক্ষায় আরও সক্রিয়ভাবে অংশগ্রহণে উৎসাহিত করবে।"
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা ও বিকাশে সরকারি সহায়তা কার্যক্রম আরও সম্প্রসারিত হলে তারা সমাজে আত্মমর্যাদার সঙ্গে বেড়ে উঠতে পারবে এবং দেশের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।
আপনার মতামত লিখুন :