মরক্কোয় আকস্মিক বন্যায় অন্তত ৩৭ জন নিহত
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আন্তর্জাতিক ডেস্ক :
মরক্কোর আটলান্টিক উপকূলীয় প্রদেশ সাফিতে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ৩৭ জন নিহত হয়েছে বলে সোমবার দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে।
এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানায়, ১৪ জন এখনো চিকিৎসাধীন রয়েছে, তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর এবং তারা নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা পাচ্ছে।
ভারি বৃষ্টিতে রবিবার বন্দরনগরী সাফির পুরনো শহরাঞ্চলে বহু বাড়ি ও দোকান প্লাবিত হয়, গাড়ি ভেসে যায় এবং শহর ও আশপাশের এলাকায় বহু সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। শহরটি মরক্কোর রাজধানী রাবাত থেকে প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও প্লাবিত ঘরবাড়ি পরিষ্কারের কাজ চলায় সোমবার শহরের সব স্কুল বন্ধ রাখা হয়।
স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে পুরনো শহরের জলমগ্ন সড়ক ও পানিতে ডুবে থাকা গাড়ি দেখা যায়। উদ্ধার তৎপরতায় কর্তৃপক্ষকে নৌকা ব্যবহার করতেও দেখা গেছে।
স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, সাফির পুরোনো শহরের একটি প্রাচীন ফটকের কাছে কাদামাটিতে ভরা বন্যার পানিতে আটকে পড়া এক নারীকে উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে।
কর্তৃপক্ষ জানায়, অন্তত ৭০টি বাড়ি ও দোকান প্লাবিত হয়েছে। সাত বছরের খরার পর মরক্কো বর্তমানে ভারি বৃষ্টি ও অ্যাটলাস পর্বতমালায় তুষারপাতের মুখে পড়েছে, যা এর আগে দেশের কয়েকটি প্রধান জলাধার প্রায় শূন্য করে দিয়েছিল।
সূত্র : রয়টার্স
আপনার মতামত লিখুন :