দেবীগঞ্জে ট্রাকচাপায় ছয় বছরের শিশুর মৃত্যু, ক্ষোভে ট্রাকে আগুন ও সড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২০ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি :
পঞ্চগড়ের দেবীগঞ্জে ট্রাকচাপায় পাপরী রানী রায় (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ঘাতক ট্রাকে আগুন ধরিয়ে দেয় এবং এশিয়ান মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে প্রায় দেড় ঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে।
মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যায় দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের সোনাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত পাপরী রানী রায় স্থানীয় সেবেন রায়ের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সেবেন রায় বিদ্যালয় মাঠে ভুট্টা শুকাতে দেন। স্কুল ছুটির পর পাপরী বাবার সঙ্গে দেখা করতে সেখানে যায়। একপর্যায়ে ভুট্টা শুকানোর স্থানের পাশে খেলতে খেলতে সে মহাসড়কে উঠে পড়লে পঞ্চগড় থেকে ঢাকাগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাকটি আটক করে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এদিকে পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এ সময় একটি ওষুধ কোম্পানির গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে।
পরে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তার আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।
ওসি সেলিম মালিক জানান, নিহত শিশুর মরদেহ সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাক ও চালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মতামত লিখুন :