পুলিশের সহযোগিতায় হারানো পণ্য ফিরে পেলেন ব্যবসায়ী
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
মোঃ আমীর হোসেন সোহাগ, সিনিয়র স্টাফ রিপোর্টার :
মানবিকতা ও পেশাগত দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন সিলেট মহানগর পুলিশের একদল ট্রাফিক সদস্য। হারুনুর রশীদ নামে এক ব্যবসায়ী রিকশার পেছনে বেঁধে এক বস্তা খেলনা পণ্য নিয়ে উপশহরের বাসায় যাচ্ছিলেন। পথিমধ্যে চৌহাট্টা পয়েন্টে পৌঁছামাত্র জনবহুল ও ব্যস্ত সড়কে রিকশার পেছন থেকে খেলনাভর্তি বস্তাটি পড়ে যায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে নজরে আসে দায়িত্ব পালনরত ট্রাফিক বিভাগের এটিএসআই বিধু দাসসহ অন্যান্য পুলিশ সদস্যদের। দায়িত্বশীলতার পরিচয় দিয়ে তারা দ্রুত বস্তাটি রাস্তা থেকে সরিয়ে নিরাপদ স্থানে রাখেন। বস্তার গায়ে লেখা মোবাইল নম্বরে বারবার ফোন দেওয়া হলেও অপর প্রান্ত থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।
পরবর্তীতে নিয়ম অনুযায়ী বস্তাটি খুলে তল্লাশি করে দেখা যায়- ভেতরে রয়েছে শিশুদের মূল্যবান খেলনা সামগ্রী। মালিকের সঙ্গে যোগাযোগ করা না যাওয়ায় বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়। ২৯ ডিসেম্বর সন্ধ্যা ৭টা থেকে রাত পর্যন্ত মালিকের অপেক্ষায় চৌহাট্টা পয়েন্টেই অবস্থান করেন তদন্ত কেন্দ্র শাহজালালের এসআই আজিজ, এটিএসআই বিধু দাস, কনস্টেবল সুব্রত দাসসহ ৮-১০ জনের একটি পুলিশ টিম। দীর্ঘ অপেক্ষার পর রাত ৯টা ৪০ মিনিটে মালিক ফোন রিসিভ করেন এবং রাত ১০টা ১২ মিনিটে চৌহাট্টা পয়েন্টে উপস্থিত হন।
প্রয়োজনীয় তথ্য-প্রমাণ যাচাই শেষে হারিয়ে যাওয়া খেলনাভর্তি বস্তাটি প্রকৃত মালিক হারুনুর রশীদের কাছে বুঝিয়ে দেওয়া হয়। এত দীর্ঘ সময় অপেক্ষা করেও পুলিশ সদস্যদের চোখেমুখে ছিল তৃপ্তির হাসি। ক্লান্তির কোনো ছাপ দেখা যায়নি। এ বিষয়ে এটিএসআই বিধু দাস বলেন, প্রয়োজনে সারারাত পাহারা দিতাম। প্রকৃত মালিকের হাতে পণ্য তুলে দিতে পারলেই আমাদের আনন্দ। এই ঘটনায় আবারও প্রমাণিত হল- পুলিশ জনগণের বন্ধু। দায়িত্ব আর মানবিকতার মেলবন্ধনে একদল পুলিশ সদস্য সত্যিকার অর্থেই মানুষের আস্থা অর্জন করলেন।
আপনার মতামত লিখুন :