হরমুজে নিরাপদ জাহাজ চলাচলে বড় অগ্রগতি, সমঝোতায় ইরান-ওমান
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
আন্তর্জাতিক ডেস্ক :
পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের জন্য নিরাপদ সামুদ্রিক রুট নির্ধারণে সমঝোতায় পৌঁছেছে ইরান ও ওমান। গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে তিন সপ্তাহ ধরে চলা আলোচনায় এটিকে বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
শনিবার গালফ নিউজের এক প্রতিবেদনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইয়ের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
এক বিবৃতিতে বাঘাই বলেন, তেহরান ও মাসকাটের মধ্যে অনুষ্ঠিত আলোচনা ইতিবাচক হয়েছে। হরমুজ প্রণালির মধ্য দিয়ে জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে দুই দেশ একমত হয়েছে।
তবে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় ও কারিগরি খুঁটিনাটি নিয়ে আলোচনা এখনও চলমান রয়েছে বলেও জানান তিনি।
ইরান ও ওমানের মধ্যে মূল আলোচনার বিষয় ছিল হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচলের জন্য একটি কার্যকর সামুদ্রিক রুট নির্ধারণ। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও জ্বালানি পরিবহনপথ হওয়ায় এই জলপথের নিরাপত্তা ও নৌ চলাচল স্বাভাবিক রাখা আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এদিকে বৃহত্তর সমঝোতায় পৌঁছানোর প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র বাধা সৃষ্টি করছে বলেও অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।
আপনার মতামত লিখুন :