কক্সবাজারের আলোচিত আসিফ–হৃদয় জোড়া হত্যাকাণ্ডে বড় অগ্রগতি, প্রধান আসামি জিয়া আটক


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

আল আমিন, কক্সবাজার জেলা প্রতিনিধি :

কক্সবাজার সদর থানাধীন পাহাড়তলী এলাকায় সংঘটিত দেশব্যাপী আলোড়ন সৃষ্টিকারী আসিফ ও হৃদয় জোড়া হত্যাকাণ্ডের প্রধান পলাতক আসামি জিয়াউর রহমান জিয়া (৩৫)-কে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। বিশেষ অভিযান চালিয়ে সোমবার (৮ জুন) দিবাগত রাত ২টা ৫০ মিনিটে কক্সবাজার জেলার রামু থানাধীন উখিয়ার ঘোনা (গনিয়া কাটা) এলাকা থেকে তাকে আটক করা হয়।

গত ২ জুন রাত আনুমানিক ১১টার দিকে কক্সবাজার পৌরসভার পাহাড়তলী এলাকার ইসলামপুর (৭ নম্বর ওয়ার্ড) এলাকায় আসিফ ও হৃদয় নামের দুই যুবককে নির্মমভাবে হত্যা করা হয়। নৃশংস এই জোড়া হত্যাকাণ্ডের পর এলাকায় ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পরপরই অভিযুক্তরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।

এ ঘটনায় নিহত আসিফের বাবা মো. ইসমাইল বাদী হয়ে ৫ জুন কক্সবাজার সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় রুজু করা হয়, যেখানে জিয়াউর রহমান জিয়াকে ১ নম্বর এজাহারনামীয় আসামি করা হয়।

র‌্যাব জানায়, ঘটনার পর থেকেই জড়িতদের গ্রেফতারে সদর ব্যাটালিয়নের একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারি জোরদার করে। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, মামলার প্রধান আসামি রামু থানার একটি দুর্গম পাহাড়ি এলাকায় আত্মগোপনে রয়েছে। সেই তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা সম্ভব হয়।

গ্রেফতারকৃত জিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর চোখ এড়াতে তিনি পাহাড়ি এলাকায় লুকিয়ে ছিলেন। তার অপরাধ ইতিহাস যাচাই করে দেখা গেছে, তিনি একজন পেশাদার ও দুর্ধর্ষ অপরাধী। কক্সবাজার সদর থানায় এই জোড়া হত্যাকাণ্ড ছাড়াও তার বিরুদ্ধে আরও দুটি হত্যা মামলা, একটি মাদক মামলাসহ মোট আটটি মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ