বেসরকারি বিনিয়োগে গুরুত্ব দিচ্ছে সরকার, জ্বালানি খাতে নতুন উদ্যোগের ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১১ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ বাড়াতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। বিশেষ করে বিদ্যুৎ ও জ্বালানি খাতে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর ঢাকা ক্লাবে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ আয়োজিত ‘জ্বালানি খাতের সংকট: সম্ভাবনা ও উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমান সংকটময় পরিস্থিতিকে কেন্দ্র করে কেউ কেউ বিভ্রান্তি সৃষ্টি বা সুযোগ নেওয়ার চেষ্টা করছেন। তিনি এ ধরনের অপচেষ্টার সমালোচনা করে বলেন, দেশের সংকটকে আরও গভীর করে কেউ কোনো সুফল পাবে না।
তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর সরকার জ্বালানি খাতের বাস্তব চিত্র পর্যালোচনা করে দেখেছে, অতীতে উন্নয়নের নামে এমন অনেক প্রকল্প নেওয়া হয়েছে, যেখানে জনস্বার্থের চেয়ে অন্য বিষয় বেশি গুরুত্ব পেয়েছে।
গ্যাস সংকট প্রসঙ্গে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, একটি ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বন্ধ হয়ে যাওয়ায় সারাদেশে গ্যাস সরবরাহে চাপ সৃষ্টি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সরকার দ্রুত শিল্পমালিকদের সঙ্গে বৈঠক করবে এবং শিল্প উৎপাদন যাতে ব্যাহত না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের প্রকল্প গ্রহণের ক্ষেত্রে এখন অত্যন্ত সতর্ক থাকতে হবে। কারণ পরিবেশগত ও অর্থায়ন-সংক্রান্ত নানা কারণে আন্তর্জাতিক অর্থায়নের সুযোগ সীমিত হয়ে যাচ্ছে।
নবায়নযোগ্য জ্বালানির বিষয়ে মন্ত্রী জানান, সরকার সৌরবিদ্যুৎ সম্প্রসারণে আক্রমণাত্মক কৌশল গ্রহণ করেছে। মাত্র দুই মাসের মধ্যে এ খাতের নতুন নীতিমালা প্রণয়ন করা হয়েছে এবং সেই নীতিমালাই বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, ওপেক্স (OPEX) মডেলের মাধ্যমে ঢাকা থেকে শুরু করে ধাপে ধাপে সারাদেশে সৌরবিদ্যুৎ ব্যবস্থার সম্প্রসারণ করা হবে।
তিনি আশা প্রকাশ করেন, সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি এবং নবায়নযোগ্য জ্বালানির প্রসারের মাধ্যমে দেশের জ্বালানি খাত আরও টেকসই ও নির্ভরযোগ্য ভিত্তির ওপর দাঁড়াবে।
আপনার মতামত লিখুন :