নীলফামারীতে ব্যতিক্রমী উদ্যোগে অবসরের দিনেই পিআরএল পত্র পেলেন
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সেলিম রেজা , নীলফামারী প্রতিনিধি :
সরকারি চাকরিজীবনের শেষ দিনে অবসরজনিত কাগজপত্র পেতে যেখানে অনেককে মাসের পর মাস অপেক্ষা করতে হয়, সেখানে নীলফামারীতে ঘটেছে এক ব্যতিক্রমী ও ইতিবাচক ঘটনা। অবসরে যাওয়ার (পিআরএল) দিনেই হাতে দাপ্তরিক পত্র পেয়েছেন নীলফামারী সদর উপজেলার কুকড়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব ইন্দু ভূষণ রায়।
বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) জনাব মোঃ রবিউল ইসলাম বিদায়ী এই শিক্ষকের হাতে পিআরএল (Post Retirement Leave) পত্র তুলে দেন।
সাধারণত অবসরপ্রাপ্ত শিক্ষক বা কর্মচারীদের পিআরএল অনুমোদনের জন্য দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। তবে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রবিউল ইসলামের বিশেষ উদ্যোগে দ্রুত সময়ের মধ্যেই প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়। ফলে অবসরকালীন ছুটির অনুমোদনের জন্য বিদায়ী শিক্ষককে আর অফিসে দৌড়ঝাঁপ করতে হয়নি।
এ সময় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রবিউল ইসলাম বলেন, “শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। তাঁদের শেষ কর্মদিবসটি যেন সম্মানের এবং আনন্দদায়ক হয়, সেই লক্ষ্যেই আমরা কাজ করছি। সরকারি সেবা ভোগান্তিমুক্তভাবে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব।”
পিআরএল পত্র গ্রহণকালে আবেগাপ্লুত হয়ে প্রধান শিক্ষক ইন্দু ভূষণ রায় বলেন, “আমি কল্পনাও করিনি যে অবসরের দিনেই পিআরএল পত্র হাতে পাব। ডিপিইও মহোদয়ের এই আন্তরিকতা আমার দীর্ঘ শিক্ষকতা জীবনের শ্রেষ্ঠ উপহার হয়ে থাকবে। এটি নতুন প্রজন্মের শিক্ষকদের জন্যও অনুপ্রেরণা।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীলফামারী সদর উপজেলার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জছিজুল আলম মন্ডল, শিক্ষা অফিসের অন্যান্য কর্মকর্তা এবং বিদ্যালয়ের সহকর্মীরা।
স্থানীয় সচেতন মহল মনে করছে, প্রশাসনের এই দ্রুত ও ইতিবাচক উদ্যোগ সরকারি সেবার মানোন্নয়ন এবং দায়িত্বশীলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
আপনার মতামত লিখুন :