শায়েস্তাগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২জন
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
সৈয়দ আজিজুর রহমান, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার অদূরে কদমতলী এলাকায় দুটি যাত্রিবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২০/৩০ জন। মঙ্গলবার দুপুর সাড়ে বারোটায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী এনা পরিবহনের একটি বাস শায়েস্তাগঞ্জ থানার অদূরে কদমতলী এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা কুমিল্লাগামী রয়েল পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। গুরুতর আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে ও মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহনের একটি বাসের সঙ্গে কুমিল্লা থেকে আসা রয়েল পরিবহনের বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজন মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে। তিনি আরও বলেন, গুরুতর আহতদের হবিগঞ্জ ও মাধবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের অনেকের হাত পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।
আপনার মতামত লিখুন :