ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত : পরিবেশ উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
ঢাকার পুরনো ভবনগুলোর প্রায় ৯০ শতাংশই বিল্ডিং কোড না মেনে নির্মিত হয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, সাম্প্রতিক ভূমিকম্পগুলো আমাদের জন্য স্পষ্ট সতর্কবার্তা। বিশেষ করে ঢাকা ও পুরান ঢাকা এখন সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে।
২১ নভেম্বর শুক্রবার রাজধানীর মিরপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এসব কথা বলেছেন।
অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা বলেন, গত পাঁচ বছরে যতবার ভূমিকম্প হয়েছে, এত শক্তিশালীভাবে ভূমিকম্প আমরা এর আগে কখনো অনুভব করিনি। বারবার সতর্কবার্তা দেওয়া হচ্ছে, এখনই আমাদের প্রস্তুতি নিতে হবে।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, নতুন ভবনগুলোতে বিল্ডিং কোড মানা হলেও রাজধানীর পুরনো ভবনগুলোর বেশিরভাগই কোনো অনুমোদন ছাড়াই তৈরি। রাজউকের পরিসংখ্যানে ৯০ শতাংশ ভবনেই ব্যত্যয় রয়েছে। সেগুলোর জন্য প্রকৌশলগত সমাধান ও ঝুঁকি কমানোর ব্যবস্থা নেওয়া জরুরি।
পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, উচ্চ ভবন নির্মাণের ক্ষেত্রে বিতর্কের সুযোগ নেই। জনসংখ্যার চাপে ওপরের দিকেই যেতে হবে, কিন্তু পরিবেশের দাম দিয়ে নয়। জলাশয় ভরাট ও পাহাড় কেটে অবকাঠামো নির্মাণের বিরুদ্ধেও সতর্ক করেন তিনি।
আপনার মতামত লিখুন :