হেপাটাইটিস এ-তে আক্রান্ত ডিজে সনিকা, হাসপাতালে চিকিৎসাধীন
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২০ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বিনোদন ডেস্ক :
সদ্য প্রয়াত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই হেপাটাইটিস এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশের জনপ্রিয় ডিজে সনিকা। বর্তমানে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (১৮ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অসুস্থতার খবর ভক্তদের সঙ্গে শেয়ার করেন সনিকা। হাসপাতালের বিছানায় শুয়ে থাকা একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, “আগামী কয়েকদিনের জন্য এটাই আমার ঘর।” পোস্টটির সঙ্গে একটি সাদা হৃদয়ের ইমোজিও যুক্ত করেন তিনি।
জানা গেছে, হেপাটাইটিস এ ভাইরাসে আক্রান্ত হয়ে বনানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন এই শিল্পী। তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ভক্ত-অনুরাগী ও সহকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত সুস্থতা কামনা করে বার্তা দিচ্ছেন।
উল্লেখ্য, ২০০৭ সালে পেশাদার ডিজে হিসেবে ক্যারিয়ার শুরু করেন সনিকা। অল্প সময়েই তিনি দেশের সংগীতাঙ্গনে পরিচিত মুখ হয়ে ওঠেন। ২০১১ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করে আন্তর্জাতিক মঞ্চেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন তিনি।
ডিজে মিউজিকে বিশেষ অবদানের জন্য ২০১৩ সালে ঢালিউড চলচ্চিত্র ও সংগীত পুরস্কারে ‘শ্রেষ্ঠ বাংলাদেশি মহিলা ডিজে’ সম্মাননা পান সনিকা। পরে গায়িকা হিসেবেও আত্মপ্রকাশ করেন তিনি এবং ২০১৪ সালে প্রকাশ করেন প্রথম মিউজিক ভিডিও ‘ভাল্লাগে’।
সংগীতের পাশাপাশি অভিনয়েও কাজ করেছেন তিনি। ২০১৫ সালে ছোট পর্দায় অভিনয়ে নাম লেখান সনিকা। ‘লাস্ট সিকোয়েন্স’ ও ‘থ্রিপল এফ’ নাটকে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়ান।
প্রসঙ্গত, কিছুদিন আগেই হেপাটাইটিস এ ও ই-তে আক্রান্ত হয়ে মারা যান জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার।
আপনার মতামত লিখুন :