ফার্নেস তেলের দামে দ্বিতীয় দফা বৃদ্ধি, চাপ বাড়তে পারে বিদ্যুৎ খাতে
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
অনলাইন ডেস্ক :
বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস তেলের দাম প্রতি লিটারে ২৪ টাকা ৫৯ পয়সা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন নির্ধারিত দামে প্রতি লিটার ফার্নেস তেল ৭০ টাকা ১০ পয়সা থেকে বেড়ে ৯৪ টাকা ৬৯ পয়সা হয়েছে।
রোববার (১২ এপ্রিল) বিইআরসি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জানানো হয়েছে, নতুন এই মূল্য আজ রাত ১২টা থেকে কার্যকর হবে।
এর আগে ফার্নেস তেলের দাম নির্ধারণ করত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। তবে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে সেই ক্ষমতা বিইআরসির হাতে ন্যস্ত করা হয়। এর পর গত ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো ফার্নেস তেলের দাম নির্ধারণ করে সংস্থাটি। এবার দ্বিতীয়বারের মতো দাম সমন্বয় করা হলো।
বিপিসির অধীন তেল বিপণনকারী চার সরকারি প্রতিষ্ঠান—পদ্মা, মেঘনা, যমুনা ও স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল—নতুন দামে ফার্নেস তেল বিক্রি করবে। এই তেলের প্রধান ক্রেতা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), যা দেশের বিদ্যুৎ উৎপাদনের বড় অংশ পরিচালনা করে।
সবশেষ ২০২৪ সালের ২ আগস্ট সরকারের নির্বাহী আদেশে ফার্নেস তেলের দাম নির্ধারণ করা হয়েছিল। পরবর্তীতে মূল্য নির্ধারণের ক্ষমতা বিইআরসির কাছে হস্তান্তর করা হয়। গত বছরের ২০ জানুয়ারি বিপিসি দাম নির্ধারণের প্রস্তাব দেয় এবং তেল বিপণনকারী কোম্পানিগুলোও পৃথক প্রস্তাব জমা দেয়। দীর্ঘ প্রক্রিয়া শেষে গত ২৯ জানুয়ারি এ বিষয়ে গণশুনানি করে বিইআরসি।
বিশেষজ্ঞদের মতে, এই মূল্যবৃদ্ধির ফলে বিদ্যুৎ উৎপাদন ব্যয় বাড়তে পারে, যার প্রভাব পরবর্তীতে ভোক্তা পর্যায়েও পড়ার আশঙ্কা রয়েছে।
আপনার মতামত লিখুন :