তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে হোক : আনিসুল হক
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
মো: আব্দুল মান্নান, তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি :
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের আহ্বান জানিয়ে তরুণ প্রজন্মের প্রতি বিশেষ বার্তা দিয়েছেন বিএনপি নেতা আনিসুল হক। তিনি বলেছেন, তারুণ্যের প্রথম ভোট যেন হয় গণতন্ত্রের পক্ষে, ধানের শীষের পক্ষে। কারণ তরুণরাই জাতির ভবিষ্যৎ এবং পরিবর্তনের মূল শক্তি।
শনিবার ১৮ অক্টোবর দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা মিনি স্টেডিয়ামে আয়োজিত এক বিশাল জনসভায় তিনি এসব কথা বলেন। প্রখর রোদ উপেক্ষা করে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে স্টেডিয়াম চত্বর জনসমুদ্রে পরিণত হয়। খণ্ড খণ্ড মিছিলে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সুনামগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী আনিসুল হক।
বক্তৃতায় তিনি বলেন, আজ দেশের যুব সমাজ বেকারত্ব, মুদ্রাস্ফীতি ও রাজনৈতিক দমননীতির শিকার। তাদের উচিত দেশের ভবিষ্যৎ নিয়ে ভাবা, কারণ আজকের ভোটই নির্ধারণ করবে আগামী প্রজন্মের ভাগ্য। তারুণ্যের শক্তিই পারে গণতন্ত্র ফিরিয়ে আনতে।
তিনি আরও বলেন, তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি কেবল একটি রাজনৈতিক রূপরেখা নয় এটি জাতির মুক্তির সনদ। যেখানে রয়েছে আইনের শাসন, ভোটাধিকার, জবাবদিহিমূলক প্রশাসন ও নাগরিক স্বাধীনতার নিশ্চয়তা। তাই তরুণদের উচিত সেই মুক্তির আন্দোলনে যুক্ত হওয়া।
বিগত সরকারের সমালোচনা করে আনিসুল হক বলেন, “গত ১৬ বছর ক্ষমতাসীনরা শুধু নিজেদের পকেট ভারি করেছেন, সুনামগঞ্জ-১ আসনে কোনো উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। যাদুকাটা নদীর সেতু, বাদাঘাট থেকে তাহিরপুর সদর পর্যন্ত রাস্তা, সীমান্ত এলাকার উন্নয়ন কিছুই বাস্তবায়ন হয়নি।
তিনি আরও প্রতিশ্রুতি দেন, দলীয় মনোনয়ন পেলে এবং জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে আমি তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগর ও ধর্মপাশা উপজেলার রাস্তা-ঘাট, কৃষি ও সীমান্ত এলাকার উন্নয়নে বিশেষ ভূমিকা রাখব।
সভায় সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হুদা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুর রহমান, ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস. এম. রহমত, জুলফিকার আলী ভুট্টো, মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাহিদ আলম তালুকদার, তাহিরপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন ও উপজেলা যুবদল আহ্বায়ক এনামুল হক এনাম, প্রমুখ।
সভা শেষে উপজেলা কৃষকদলের পক্ষ থেকে জনতার মাঝে তারেক রহমানের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। পরে একটি শান্তিপূর্ণ মিছিল উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আপনার মতামত লিখুন :