বেনজীর আহমেদকে ফেরাতে দুবাইয়ে প্রত্যর্পণ আবেদন, মামলার নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

দুবাইয়ে আটক পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ-কে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে প্রয়োজনীয় মামলার নথিপত্রসহ প্রত্যর্পণ আবেদন সংযুক্ত আরব আমিরাতে পাঠানো হয়েছে। শনিবার (২০ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা ও সমসাময়িক পরিস্থিতি নিয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুবাইয়ে আটকের পরপরই ১৪৪ পৃষ্ঠার মামলার নথিপত্র দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে শিগগিরই বেনজীর আহমেদকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি জানান, বেনজীর আহমেদের বিরুদ্ধে দেশে বর্তমানে মোট ছয়টি মামলা চলমান রয়েছে। এর মধ্যে একটি মামলা সাক্ষ্যগ্রহণ পর্যায়ে আছে এবং বাকি মামলাগুলো তদন্তাধীন। আগামী দিনে এসব মামলার অগ্রগতি আনুষ্ঠানিকভাবে পর্যালোচনা করা হবে বলেও জানান তিনি। বন্দি প্রত্যর্পণ চুক্তি না থাকলেও ‘মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট’-এর মাধ্যমে সহযোগিতা চাওয়া হয়েছে।

ব্রিফিংয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মোহাম্মদপুর এলাকায় অপরাধ দমনে আলাদা পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে পুলিশ বাহিনীর ভেতরে শৃঙ্খলা নিশ্চিত করতে কঠোর অবস্থানের কথা জানান তিনি। দায়িত্বে অবহেলা ও দুর্নীতির বিরুদ্ধে শাস্তি এবং ভালো কাজের জন্য পুরস্কারের ব্যবস্থাও থাকবে বলে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ২৩ জুনকে কেন্দ্র করে নিষিদ্ধ একটি গোষ্ঠী দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

উল্লেখ্য, ইন্টারপোল-এর রেড নোটিশ জারির পর গত ১২ জুন **দুবাই**তে আটক হন বেনজীর আহমেদ। পরে তার বিরুদ্ধে দায়ের করা মামলার এজাহার, অভিযোগপত্রসহ আনুষঙ্গিক নথিপত্র সংযুক্ত আরব আমিরাতে পাঠানো হয়। সে দেশের আদালত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে প্রত্যর্পণ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

আদালতের নির্দেশে বাংলাদেশে বেনজীর আহমেদের নামে থাকা বিপুল পরিমাণ সম্পদ ইতোমধ্যে সরকারি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ায় থাকা তার ব্যাংক হিসাব ও সম্পদের বিষয়েও তদন্ত ও জব্দ কার্যক্রম চলমান রয়েছে। দুবাইয়ে তার কথিত বিনিয়োগ নিয়েও আন্তর্জাতিক পর্যায়ে তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ