রাজনৈতিক পরিবর্তনে বাংলাদেশের সঙ্গে নতুন ঋণ আলোচনায় যাচ্ছে আইএমএফ
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
রাজনৈতিক নেতৃত্বে পরিবর্তনের প্রেক্ষাপটে বাংলাদেশের সঙ্গে আগের ঋণ সমঝোতা অনুযায়ী আর এগোনোর সুযোগ নেই বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। ফলে নতুন বাস্তবতায় বাংলাদেশ সরকারের সঙ্গে পুনরায় আলোচনা হবে বলে ইঙ্গিত দিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (৪ জুন) ওয়াশিংটনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের যোগাযোগ পরিচালক জুলি কোজাক এ কথা জানান।
তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে পরিবর্তন এসেছে। এ অবস্থায় পুরোনো কাঠামো ধরে না রেখে নতুন অর্থায়ন কর্মসূচি নিয়ে আলোচনা করাই যুক্তিযুক্ত। রাজস্ব আহরণ জোরদার করা, ব্যাংকিং খাত সংস্কার এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এখনও উল্লেখযোগ্য চ্যালেঞ্জ রয়ে গেছে বলেও উল্লেখ করেন তিনি।
জুলি কোজাক আরও জানান, ভবিষ্যতে এসব বিষয়ে যৌথভাবে কাজ করার সুযোগ রয়েছে এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক উন্নয়নকে গুরুত্ব দেয়। এ ছাড়া ঢাকায় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের নতুন মিশনের সঙ্গে আলোচনায় এসব বিষয় অগ্রাধিকার পাবে বলেও তিনি জানান।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের এই বক্তব্যের মাধ্যমে স্পষ্ট হয়েছে, পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশের অর্থনৈতিক সহযোগিতার কাঠামো নতুন করে পর্যালোচনার পথে যাচ্ছে।
আপনার মতামত লিখুন :