আগামী ৫ আগস্ট ঘিরে নাশকতার সক্ষমতা নেই আওয়ামী লীগের : স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
আগামী ৫ আগস্টকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নাশকতা চালানোর কোনো সক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে তিনি বলেছেন, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা রুখতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
সোমবার (৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, সম্প্রতি বিভিন্ন স্থানে বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। একটি মহল পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করছে। এসব ঘটনার পেছনে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
আশুলিয়ায় উদ্ধার হওয়া একটি ব্যাগের প্রসঙ্গ টেনে তিনি জানান, দুষ্কৃতিকারীরা ব্যাগটি সেখানে রেখে যায়। পরে আইনশৃঙ্খলা বাহিনী সেটি উদ্ধার করে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তবে অতীতের তুলনায় এ ধরনের নাশকতামূলক ঘটনা বর্তমানে অনেক কমে এসেছে বলেও উল্লেখ করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে উগ্রবাদী তৎপরতা দমনে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা সক্রিয় রয়েছে। পুলিশের জন্যও বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে কোনো যানবাহন অরক্ষিত অবস্থায় না থাকে এবং দায়িত্বে থাকা সদস্যরা একসঙ্গে গাড়ি ফেলে কোথাও না যান। সবসময় অন্তত একজন সদস্যকে যানবাহনের নিরাপত্তায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের জামিন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আদালত তাকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছেন। সরকারের নিয়োজিত আইনজীবী প্রতিষ্ঠানকে জামিনের শর্তগুলো সংগ্রহ করে দ্রুত জামিন বাতিলের আবেদন করার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, বেনজীর আহমেদের কাছে অন্য কোনো দেশের পাসপোর্ট থাকতে পারে বলে সরকারের সন্দেহ রয়েছে। তাকে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রক্রিয়ায় প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :