ভারতের বাংলাদেশ সফর হলে পেছাতে পারে আফগানিস্তান সিরিজ
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
খেলাধুলা ডেস্ক :
আগস্টের শেষ সপ্তাহে ভারত ক্রিকেট দলের বাংলাদেশ সফর হবে কি না, তা এখনো চূড়ান্ত হয়নি। তবে বহুল আলোচিত এই সফর অনুষ্ঠিত হলে এর সরাসরি প্রভাব পড়তে পারে আফগানিস্তানের বিপক্ষে ভারতের নির্ধারিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে। ফলে সিরিজটির সূচি কয়েক দিন পিছিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) সংশ্লিষ্টদের নিশ্চিত করেছে যে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ পরিকল্পনা অনুযায়ীই আয়োজন করা হবে। তবে ভারতের বাংলাদেশ সফর চূড়ান্ত হলে ম্যাচগুলোর তারিখে কিছু পরিবর্তন আনা হতে পারে।
যদিও সিরিজটি ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে, এর আয়োজক আফগানিস্তান ক্রিকেট বোর্ড। বর্তমান সূচি অনুযায়ী দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আগামী ১৩, ১৫ ও ১৭ সেপ্টেম্বর তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা।
অন্যদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ১ থেকে ১৩ সেপ্টেম্বরের মধ্যে ভারতের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ আয়োজন করতে আগ্রহী। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের উন্নতির কারণে সফরটি হওয়ার সম্ভাবনাও বেড়েছে। ফলে বাংলাদেশ সফর অনুমোদন পেলে আফগানিস্তান সিরিজের সূচি নতুন করে সাজাতে হতে পারে।
তবে সিরিজটি খুব বেশি পিছিয়ে দেওয়ার সুযোগ নেই। কারণ, ২৪ সেপ্টেম্বর এশিয়ান গেমস শুরু হবে। এরপর ২৭ সেপ্টেম্বর থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে নতুন সিরিজ খেলবে ভারত। ফলে বাংলাদেশ সফর চূড়ান্ত হলেও আফগানিস্তানের বিপক্ষে সিরিজের সূচি সর্বোচ্চ কয়েক দিনের জন্য পরিবর্তিত হতে পারে।
চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
নিরাপত্তাজনিত কারণে আফগানিস্তান নিজেদের দেশে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে না পারায় ভারতেই নিজেদের 'হোম' সিরিজ আয়োজন করে থাকে।
এদিকে সম্প্রচার ব্যবস্থাতেও ভিন্নতা থাকতে পারে। সিরিজটির আয়োজক আফগানিস্তান ক্রিকেট বোর্ড হওয়ায় ভারতের নিয়মিত সম্প্রচারকারী জিওস্টারের পরিবর্তে অন্য কোনো টেলিভিশন নেটওয়ার্ক বা ডিজিটাল প্ল্যাটফর্মে ম্যাচগুলো সম্প্রচার হতে পারে। ইতোমধ্যে ডিজিটাল স্বত্ব রয়েছে ফ্যানকোডের কাছে। আর টেলিভিশন সম্প্রচার স্বত্ব কিনতে আগ্রহ দেখিয়েছে জি এন্টারটেইনমেন্ট ও সনি স্পোর্টস।
আপনার মতামত লিখুন :