পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১২ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

সাইয়্যেদ মুহাম্মদ শান্ত, পঞ্চগড় জেলা প্রতিনিধি :

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয় এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেওয়া হয়।

শনিবার (১১ জুলাই) সকাল ৭টার দিকে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের তেঁতুলিয়ার শালবাহান ইউনিয়নের মাঝিপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায়, সীমান্তের মেইন পিলার ৪৩৪-এর ৫ নম্বর সাব-পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, ভারতের নয়াবাড়ি বিএসএফ ক্যাম্পের সদস্যরা ভোরে নারী ও শিশুসহ মোট ১৩ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুশইনের প্রচেষ্টা প্রতিহত করে। পরে বিজিবির কঠোর অবস্থানের মুখে বিএসএফ ওই ব্যক্তিদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা সীমান্ত এলাকায় বিজিবির নিয়মিত টহল ও নজরদারি আরও জোরদারের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বিষয়টি নিশ্চিত করে বলেন, পুশইনের চেষ্টা করা ব্যক্তিরা ভারতের অভ্যন্তরেই ছিল। বিজিবির সদস্যদের তাৎক্ষণিক তৎপরতায় তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। বর্তমানে সীমান্তের শূন্যরেখায় কোনো ব্যক্তির অবস্থান নেই। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পুরো সীমান্ত এলাকায় বিজিবির নজরদারি জোরদার করা হয়েছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ