জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

রাজধানীর শেরেবাংলানগরে উদ্বোধন করা হয়েছে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। বুধবার (৫ আগস্ট) সকালে জাদুঘরের স্মৃতি ফলক উন্মোচনের মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

উদ্বোধনের পর পবিত্র সুরা ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে প্রধানমন্ত্রী জাদুঘরের বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী ঘুরে দেখেন। এ সময় তিনি সংরক্ষিত আলোকচিত্র, দলিলপত্র, স্মারক এবং বিভিন্ন নিদর্শন পরিদর্শন করে জুলাই গণ-অভ্যুত্থানের বিভিন্ন ঘটনার ইতিহাস সম্পর্কে অবহিত হন।

প্রধানমন্ত্রীর সঙ্গে জাদুঘর পরিদর্শনে উপস্থিত ছিলেন তাঁর কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানের ঘটনাপ্রবাহ, সাধারণ মানুষের অংশগ্রহণ এবং আন্দোলনের বিজয়ের ইতিহাস তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান এবং প্রধানমন্ত্রীর তথ্য ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা।

উদ্বোধনের দিন জাদুঘরটি শুধুমাত্র আমন্ত্রিত অতিথিদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। তবে আগামীকাল বৃহস্পতিবার থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য জাদুঘরটি উন্মুক্ত থাকবে।

জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি, সংগ্রাম, আত্মত্যাগ এবং ঐতিহাসিক ঘটনাপ্রবাহ সংরক্ষণ ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যেই এই স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে আন্দোলনের বিভিন্ন পর্যায়ের আলোকচিত্র, দলিল, ব্যবহৃত সামগ্রী এবং স্মারক সংরক্ষণ করা হয়েছে, যা দেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ সাক্ষ্য বহন করবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ