বিনিয়োগ বাড়াতে মোংলায় আরও শিল্পকারখানা গড়বে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনীতি ডেস্ক :
২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করতে মোংলায় আরও শিল্পকারখানা গড়ে তোলা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সরকার একটি স্থিতিশীল ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বাগেরহাটের মোংলায় ইনভেস্ট বাংলাদেশ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে শিল্পায়ন ও বিনিয়োগ সম্প্রসারণের বিকল্প নেই। এ লক্ষ্য সামনে রেখে মোংলায় আরও শিল্পকারখানা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের জন্য অনুকূল পরিবেশ তৈরিতে কাজ করছে সরকার।
এর আগে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা সম্প্রসারণে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
সমঝোতা স্মারকে বাংলাদেশের পক্ষে ইনভেস্ট বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়াল জোন বিভাগের সদস্য সালেহ আহমেদ এবং চীনের পক্ষে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশনের চেয়ারম্যান লি চংইয়াং স্বাক্ষর করেন।
এই সমঝোতা স্মারকের আওতায় বাংলাদেশে অবকাঠামো, পরিবহন, পণ্য পরিবহন ও সংরক্ষণব্যবস্থা, শিল্প, জ্বালানি, পরিবেশ এবং দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন খাতে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।
