দীপাবলি ও হোলিতে বিনামূল্যে দুটি গ্যাস সিলিন্ডার দেবে উত্তর প্রদেশ সরকার
অর্থনীতি ডেস্ক :
ভারতের উত্তর প্রদেশে দীপাবলি ও হোলি উৎসব উপলক্ষে দরিদ্র পরিবারগুলোকে বছরে দুটি বিনামূল্যের রান্নার গ্যাসের (এলপিজি) সিলিন্ডার দেওয়ার ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় থাকা যোগ্য পরিবারগুলো এ সুবিধা পাবে। উৎসবের আনন্দ বাড়ানোর পাশাপাশি নিম্ন আয়ের পরিবারগুলোর রান্নার জ্বালানির খরচ কমাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩ অক্টোবর) এক অনুষ্ঠানে যোগী আদিত্যনাথ এ ঘোষণা দেন। তিনি জানান, উজ্জ্বলা যোজনার আওতাভুক্ত পরিবারগুলো বছরে দুটি বিনামূল্যের এলপিজি সিলিন্ডার পাবে। এর মধ্যে একটি দেওয়া হবে দীপাবলি উপলক্ষে, অন্যটি হোলি উৎসবে।
এদিন রাজ্যের ১ কোটি ৮৯ লাখের বেশি সুবিধাভোগীর জন্য গ্যাস সিলিন্ডার পুনরায় ভরার ভর্তুকি বিতরণ কর্মসূচিতেও অংশ নেন মুখ্যমন্ত্রী। এ কর্মসূচি বাস্তবায়নে রাজ্য সরকার ১ হাজার ৫০০ কোটি রুপি বরাদ্দ করেছে।
অনুষ্ঠানে গ্যাস সিলিন্ডারের দাম ও কেন্দ্রীয় সরকারের ভর্তুকির হিসাব তুলে ধরে যোগী আদিত্যনাথ বলেন, একটি গৃহস্থালি এলপিজি সিলিন্ডারের দাম ৯৮৩ দশমিক ৪৫ রুপি। এর মধ্যে কেন্দ্রীয় সরকার ৩৩৫ রুপি ভর্তুকি দিচ্ছে। ফলে গ্রাহককে নিজ পকেট থেকে ব্যয় করতে হচ্ছে ৬৪৮ দশমিক ৫৫ রুপি।
তিনি বলেন, উজ্জ্বলা যোজনার আওতায় থাকা দরিদ্র পরিবারগুলোর জন্য দীপাবলি ও হোলিতে একটি করে বিনামূল্যের সিলিন্ডার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এতে পরিবারগুলোর রান্নার গ্যাসের খরচ উল্লেখযোগ্যভাবে সাশ্রয় হবে।
মুখ্যমন্ত্রী আরও বলেন, গ্যাসের খরচ বাবদ সাশ্রয় হওয়া অর্থ দিয়ে পরিবারগুলো দীপাবলির মিষ্টি ও প্রদীপ কেনার মতো উৎসবের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারবে।
অনুষ্ঠানে উত্তর প্রদেশে বর্তমান সরকারের আমলে এলপিজি সংযোগের সহজলভ্যতার সঙ্গে সাবেক কংগ্রেস সরকারের সময়কার পরিস্থিতির তুলনাও করেন যোগী আদিত্যনাথ।
উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে দরিদ্র পরিবারের নারীদের বিনামূল্যে এলপিজি সংযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। এবার সেই প্রকল্পের সুবিধাভোগীদের উৎসব উপলক্ষে বছরে দুটি বিনামূল্যের সিলিন্ডার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উত্তর প্রদেশ সরকার।
সূত্র : এনডিটিভি
