1. জাতীয়
  2. বিস্তারিত

সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবার পাবে আর্থিক সহায়তা, আবেদনের সময় ৯০ দিন

সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবার পাবে আর্থিক সহায়তা, আবেদনের সময় ৯০ দিন
নিউজ বাংলা ডেস্ক :

সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবার ও আহত ব্যক্তিদের আর্থিক সহায়তা দিচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাস্টি বোর্ড। দুর্ঘটনায় কেউ নিহত হলে তার পরিবারকে অন্যূন ৫ লাখ টাকা এবং আহতদের ক্ষেত্রে ক্ষয়ক্ষতির ধরন অনুযায়ী ১ থেকে ৩ লাখ টাকা বা তার বেশি আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। এ সহায়তার জন্য চালকসহ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যেকোনো ব্যক্তি কিংবা নিহত ব্যক্তির আইনগত ওয়ারিশ আবেদন করতে পারবেন।

বৃহস্পতিবার বিআরটিএর নিজস্ব ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক দুর্ঘটনার তারিখ থেকে ৯০ দিনের মধ্যে নির্ধারিত ‘ফরম-৩২’ পূরণ করে আবেদন করতে হবে। আবেদন সরাসরি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বরাবর জমা দেওয়া যাবে। এ ছাড়া বিআরটিএর সার্ভিস পোর্টালের মাধ্যমেও অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে।

বিআরটিএ জানিয়েছে, সড়ক পরিবহন বিধিমালা অনুযায়ী দুর্ঘটনার ৯০ দিন পার হয়ে গেলে আর্থিক সহায়তার জন্য আবেদন করার সুযোগ থাকবে না। তাই নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন জমা দেওয়া জরুরি।

আর্থিক সহায়তার পরিমাণ

বিআরটিএর নির্ধারিত নিয়ম অনুযায়ী, সড়ক দুর্ঘটনায় কোনো ব্যক্তি নিহত হলে তার পরিবারকে অন্যূন ৫ লাখ টাকা দেওয়া হবে। দুর্ঘটনায় অঙ্গহানি হলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি পাবেন অন্যূন ৩ লাখ টাকা।

এ ছাড়া গুরুতর আহত হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনা না থাকলে অন্যূন ৩ লাখ টাকা এবং স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনা থাকলে অন্যূন ১ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।

আবেদন যাচাই-বাছাই ও অনুমোদনের পর সহায়তার অর্থ আবেদনকারীর নিজ নামে থাকা ব্যাংক হিসাবে সরাসরি চেকের মাধ্যমে প্রদান করা হয়।

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও তাদের পরিবারের তাৎক্ষণিক আর্থিক সংকট মোকাবিলা এবং পুনর্বাসনে বিআরটিএর এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে নির্ধারিত ৯০ দিনের সময়সীমার মধ্যে আবেদন না করলে এ সহায়তা পাওয়ার সুযোগ থাকবে না। তাই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও তাদের স্বজনদের সময়মতো আবেদন করার পরামর্শ দিয়েছে সংস্থাটি।
ad728

আরও পড়ুন

আপনার মতামত লিখুন