হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ডোবার পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০১ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

সৈয়দ আজিজুর রহমান, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : 

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় বাড়ির পাশের একটি ডোবার পানিতে ডুবে দুই সহোদর শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার ব্রাহ্মণডোরা ইউনিয়নের শৈলজুড়া গ্রামে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো বকুল সরকারের বড় ছেলে শ্রাবণ সরকার (৮) এবং ছোট ছেলে সৌরভ সরকার (৬)।

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের একটি জমিতে মাটি কাটার ফলে তৈরি হওয়া ডোবার পাশে বৃহস্পতিবার সকালে ফুটবল খেলতে যায় দুই ভাই। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত তারা পানিতে পড়ে যায়। দীর্ঘ সময় তাদের কোনো খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

প্রায় দুই ঘণ্টা পর শিশু দুটির দাদা ডোবায় খোঁজ করে তাদের উদ্ধার করেন। পরে স্থানীয়রা নিশ্চিত করেন, এর আগেই তাদের মৃত্যু হয়েছে।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ মর্মান্তিক ঘটনায় শৈলজুড়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। দুই শিশুকে হারিয়ে পরিবারের সদস্যদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। স্থানীয়দের দাবি, এ ধরনের খোলা ও ঝুঁকিপূর্ণ ডোবা নিরাপদ না করায় এমন দুর্ঘটনা বারবার ঘটছে। তারা ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ