সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৪ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণের পর সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে জাতীয় সংসদ ভবনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
স্পিকার বলেন, রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র আমার কাছে জমা দিয়েছেন এবং তা গ্রহণ করা হয়েছে। সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী আমি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি।
তিনি আরও জানান, স্পিকার হিসেবে শপথ গ্রহণের সময়ই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় শপথ নেওয়া ছিল। তাই নতুন করে শপথ গ্রহণের প্রয়োজন নেই। প্রয়োজন অনুযায়ী তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। একইভাবে ডেপুটি স্পিকারও স্পিকারের দায়িত্ব পালনের জন্য আগেই শপথ গ্রহণ করে থাকেন বলেও উল্লেখ করেন তিনি।
সংবাদ সম্মেলনে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল, চিফ হুইপ নুরুল ইসলাম মনি, অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস তালুকদারসহ জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে, স্পিকারের কাছে দেওয়া পদত্যাগপত্রে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার পদত্যাগের কারণ হিসেবে গুরুতর স্বাস্থ্যগত জটিলতার কথা উল্লেখ করেছেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছেন। এর আগে তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। সম্প্রতি তার Autonomic Neuropathy রোগ শনাক্ত হয়েছে, যার কারণে তিনি মাঝেমধ্যে হঠাৎ অচেতন হয়ে পড়েন। এসব শারীরিক ও মানসিক সীমাবদ্ধতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব পালন করা তার পক্ষে আর সম্ভব নয় বলেও পদত্যাগপত্রে উল্লেখ করেন তিনি।
সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদের বিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে তিনি দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
উল্লেখ্য, মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকার কথা থাকলেও স্বাস্থ্যগত কারণ দেখিয়ে মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি পদত্যাগ করলেন।
আপনার মতামত লিখুন :