দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৭২
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২০ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩৭২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (২০ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ১০৩ জন, বরিশাল বিভাগের ৬৭ জন, চট্টগ্রাম বিভাগের ৫৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫২ জন, খুলনা বিভাগের ৪৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২২ জন, ময়মনসিংহ বিভাগের ২১ জন, রংপুর বিভাগের ৬ জন এবং রাজশাহী বিভাগের ৪ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৮৫৭ জনে। আক্রান্তদের মধ্যে ৬০ দশমিক ৯ শতাংশ পুরুষ এবং ৩৯ দশমিক ১ শতাংশ নারী।
এদিকে, চলতি বছরে ডেঙ্গু থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৯ হাজার ৭৮৬ জন। একই সময়ে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ জনে।
ডেঙ্গুর বিস্তার রোধে মশার প্রজননস্থল ধ্বংস, বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখা এবং জ্বরের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
আপনার মতামত লিখুন :