যুদ্ধে ট্রাম্প হেরে গেছেন, শক্তিশালী হচ্ছে ইরান : মার্কিন সিনেটর ক্রিস মারফি
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১০ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
আন্তর্জাতিক ডেস্ক :
ইরানের সঙ্গে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কৌশল ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন ডেমোক্র্যাটিক সিনেটর ক্রিস মারফি। তার দাবি, যুদ্ধ যত দীর্ঘায়িত হচ্ছে, ততই যুক্তরাষ্ট্র দুর্বল এবং ইরান আরও শক্তিশালী হয়ে উঠছে।
আনাদোলু এজেন্সির বরাতে জানা গেছে, এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে মারফি বলেন, যুদ্ধ বন্ধ করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় চালু করতে প্রয়োজন হলে একটি ‘অপছন্দনীয় চুক্তি’ হলেও তা গ্রহণ করা উচিত।
তিনি বলেন, “যুদ্ধ যত দীর্ঘ হবে, যুক্তরাষ্ট্র তত দুর্বল হবে এবং ইরান তত শক্তিশালী হবে। এর নেতিবাচক প্রভাব শেষ পর্যন্ত মার্কিন জনগণকেই বহন করতে হবে।”
ক্রিস মারফি আরও বলেন, যুদ্ধ অব্যাহত থাকায় হরমুজ প্রণালি পুনরায় চালুর সম্ভাবনা জটিল হয়ে উঠছে। আলোচনায় অগ্রগতি না হওয়ায় পরিস্থিতি আরও ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে।
তার ভাষায়, “এই যুদ্ধ অবশ্যই শেষ করতে হবে। প্রতিদিন সংঘাত চলতে থাকলে যুক্তরাষ্ট্রের সামরিক ও অর্থনৈতিক চাপ বাড়বে। একই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বৃদ্ধি পাবে, যার প্রভাব পড়বে সাধারণ মানুষের জীবনে।”
সিনেটর মারফি জানান, যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য নতুন অর্থ বরাদ্দের বিরোধিতা করবেন তিনি। তবে সংঘাত শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্রের সামরিক অস্ত্র ও গোলাবারুদের মজুত পুনর্গঠনের জন্য প্রয়োজনীয় অর্থায়নে সমর্থন দেবেন।
বিশ্লেষকদের মতে, ক্রিস মারফির এই বক্তব্য যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক অঙ্গনে ইরাননীতি ও যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে নতুন বিতর্কের ইঙ্গিত দিচ্ছে।
আপনার মতামত লিখুন :