প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ভোক্তা অধিকারের মাহমুদ হাসান রনি
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৬ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
মো: শাখাওয়াৎ হোসেন, পাবনা জেলা প্রতিনিধি :
ভোক্তা অধিকার রক্ষায় জনসচেতনতামূলক উদ্যোগ ও মাঠপর্যায়ের কার্যকর কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত সাক্ষাতের সুযোগ পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পাবনা জেলার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি। একই সঙ্গে তার সঙ্গে আরও ১৫ জন কর্মকর্তাও এই বিশেষ সাক্ষাতে অংশ নেন।
সাক্ষাৎ শেষে ওই কর্মকর্তা জানান, তিনি নিয়মিত যে জনসচেতনতামূলক ভিডিও প্রকাশ করে আসছেন, সেগুলো প্রধানমন্ত্রী নিজে দেখেছেন এবং সেখান থেকে অনুপ্রাণিত হয়েছেন বলে উল্লেখ করেছেন। এ সময় তার কাজের আন্তরিক প্রশংসাও করেন প্রধানমন্ত্রী।
সাক্ষাৎকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভিন্ন বাস্তব সমস্যার বিষয়টি প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরা হয়। বিশেষ করে লোকবল সংকট, পদোন্নতির দীর্ঘসূত্রিতা এবং মাঠপর্যায়ের কার্যক্রম আরও গতিশীল করার প্রয়োজনীয়তার কথা বিস্তারিতভাবে জানানো হয়। প্রধানমন্ত্রী বিষয়গুলো মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজনীয় নোট গ্রহণ করেন।
ওই কর্মকর্তা আরও জানান, দেশের ৬৪ জেলার মাঠপর্যায়ে কর্মরত কর্মকর্তাদের মধ্য থেকে যারা আইন প্রয়োগে নিষ্ঠা ও কার্যকর ভূমিকা রেখে চলেছেন, তাদের কাজের স্বীকৃতি হিসেবেই এই সাক্ষাতের আয়োজন করা হয়। এ সময় ভোক্তা অধিকার ও আইন প্রয়োগে নিবেদিত আরও ১৫ জন কর্মকর্তাও প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত সাক্ষাতের সুযোগ পান।
এই স্বীকৃতি ভোক্তা অধিকার রক্ষায় মাঠপর্যায়ের কর্মকর্তাদের আরও উৎসাহিত করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
আপনার মতামত লিখুন :