ইরানে ফের মার্কিন হামলায় ৫৩ নাগরিক নিহত, উদ্বেগ আন্তর্জাতিক মহলে
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২২ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আন্তর্জাতিক ডেস্ক :
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সাময়িক সমঝোতা ও যুদ্ধবিরতির প্রচেষ্টা ভেস্তে যাওয়ার পর ইরানে আবারও তীব্র হয়েছে সংঘাত। নতুন করে শুরু হওয়া মার্কিন সামরিক হামলায় এ পর্যন্ত অন্তত ৫৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়।
বুধবার (২২ জুলাই) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নিহতদের মধ্যে তিন শিশু ও ছয় নারী রয়েছেন। একই সঙ্গে গত ২৭ জুন থেকে সংঘাতের নতুন ধাপ শুরু হওয়ার পর মার্কিন হামলায় ৫৯২ জনের বেশি মানুষ গুরুতর আহত হয়েছেন।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের প্রধান হোসেন কারমানপুর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলেন, সংঘাত পুনরায় তীব্র হওয়ার পর বেসামরিক হতাহতের সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়েছে।
পাকিস্তানের মধ্যস্থতায় স্বাক্ষরিত 'ইসলামাবাদ সমঝোতা স্মারক' ভেঙে যাওয়ার পর থেকেই যুদ্ধ পরিস্থিতি আবারও ভয়াবহ রূপ নেয়। এরপর উভয় পক্ষের হামলা ও পাল্টা হামলায় প্রাণহানি বাড়তে থাকে।
অন্যদিকে, মার্কিন সেন্ট্রাল কমান্ডের তথ্য অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরান ও তাদের মিত্রদের পাল্টা হামলায় অন্তত ১৮ জন মার্কিন সেনা নিহত এবং কয়েকশ সেনা আহত হয়েছেন।
ক্রমবর্ধমান এই সংঘাত মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে। আন্তর্জাতিক মহল দ্রুত যুদ্ধবিরতি ও কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়ে আসলেও এখন পর্যন্ত পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি।
আপনার মতামত লিখুন :