এআই অপব্যবহার ঠেকাতে কণ্ঠ ও অবয়ব ট্রেডমার্কে নিচ্ছেন টেইলর সুইফট
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
অনলাইন ডেস্ক :
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহার রোধে নিজের কণ্ঠস্বর ও শারীরিক অবয়বকে ট্রেডমার্ক করার উদ্যোগ নিয়েছেন মার্কিন পপ তারকা টেইলর সুইফট।
শুক্রবার (২৪ এপ্রিল) যুক্তরাষ্ট্রের পেটেন্ট ও ট্রেডমার্ক দপ্তরে তার প্রতিষ্ঠানের পক্ষ থেকে তিনটি পৃথক আবেদন জমা দেওয়া হয়েছে। এর আগে একই ধরনের পদক্ষেপ নিয়েছিলেন হলিউড অভিনেতা ম্যাথিউ ম্যাককোনাঘি।
বর্তমানে এআই প্রযুক্তি ব্যবহার করে শিল্পীদের অনুমতি ছাড়াই তাদের কণ্ঠস্বর ও চেহারার হুবহু নকল তৈরি করা হচ্ছে। সুইফট নিজেও এর শিকার হয়েছেন। এর আগে তার নামে এআই-নির্মিত আপত্তিকর ছবি এবং রাজনৈতিক প্রচারণায় ভুয়া ছবি ব্যবহারের ঘটনা সামনে আসে।
এ ধরনের জালিয়াতি প্রতিরোধের লক্ষ্যেই তিনি নিজের পরিচয়কে ট্রেডমার্কের আওতায় আনতে চান। যদিও সাধারণত ব্যক্তিগত পরিচয় ট্রেডমার্ক করা হয় না, তবে সুইফটের আইনজীবীদের মতে, এই উদ্যোগ সফল হলে এআই দিয়ে তৈরি যেকোনো ভুয়া কনটেন্টের বিরুদ্ধে ফেডারেল আদালতে আইনি ব্যবস্থা নেওয়া সহজ হবে।
যেমন কোনো চলচ্চিত্র সংস্থা তাদের চরিত্রের কপিরাইট রক্ষা করে, তেমনি সুইফটও তার কণ্ঠ ও চেহারার অপব্যবহার আইনগতভাবে ঠেকাতে পারবেন।
উল্লেখ্য, ম্যাথিউ ম্যাককোনাঘি তার বিখ্যাত সংলাপ ‘অলরাইট, অলরাইট, অলরাইট!’ ট্রেডমার্ক করে এই পথ তৈরি করেছিলেন।
তবে বর্তমানে সুইফট নিজেই একটি ট্রেডমার্ক-সংক্রান্ত মামলার মুখোমুখি। ম্যারেন ওয়েড নামের এক শিল্পী অভিযোগ করেছেন, সুইফটের ২০২৫ সালের অ্যালবাম দ্য লাইফ অব আ শোগার্ল তার পূর্বের একটি ট্রেডমার্ক লঙ্ঘন করেছে।
সূত্র : ভ্যারাইটি
আপনার মতামত লিখুন :