দুর্বৃত্তদের হামলায় আহত ব্যবসায়ী রুবেল আহমদ আর নেই, নিরাপত্তা নিয়ে উদ্বেগ


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

আলী মোহাম্মদ :

মৌলভীবাজার শহরের শমশেরনগর রোডে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হওয়া ব্যবসায়ী রুবেল আহমদ অবশেষে মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে তার নিজের দোকান ‘এফ রহমান ট্রেডিং’-এ হামলার শিকার হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে, পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাত সাড়ে ৯টার দিকে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে পুলিশ।

জানা গেছে, রুবেল আহমদ মৌলভীবাজার পৌর এলাকার শমশেরনগর রোডে ‘এফ রহমান ট্রেডিং’ নামের একটি মুদি দোকান পরিচালনা করতেন। তার গ্রামের বাড়ি কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে হলেও তিনি দীর্ঘদিন ধরে সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের বর্ষীজোড়া গ্রামে বসবাস করছিলেন। বৃহস্পতিবার বিকেলে তার দোকানের ভেতরে এক বা একাধিক দুর্বৃত্ত ঢুকে তার ওপর হামলা চালায়। হামলায় তিনি গুরুতর আহত হন। তার চিৎকার শুনে আশপাশের সিএনজি চালকরা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী হাসপাতালে স্থানান্তর করা হয়।কিন্তু শেষরক্ষা হয়নি। রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় রুবেল আহমদ এর।

এই বিষয়ে মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান জানান, ঘটনাটি আমাদের জানা আছে। আমরা তদন্ত শুরু করেছি এবং হামলাকারীদের শনাক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই ঘটনায় শহরের ব্যবসায়ী মহলে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, শহরের গুরুত্বপূর্ণ এলাকায় এমন হামলার ঘটনা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন তারা।

একইসাথে, সম্প্রতি জেলার বিভিন্ন এলাকায় একাধিক ছিনতাই ও হামলার ঘটনার প্রসঙ্গ টেনে ব্যবসায়ীরা বলছেন, জেলায় ব্যবসায়ীদের নিরাপত্তা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। 

তার পরিবার এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার প্রত্যাশা করছে। জেলায় যেন এ ধরনের ঘটনা আর না ঘটে, সে জন্য সংশ্লিষ্টদের কাছ থেকে দ্রুত পদক্ষেপ আশা করছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ নাগরিকরা।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ