কক্সবাজারে পর্যটকের ভিড় বাড়ছে, চাঙ্গা হচ্ছে পর্যটন খাত
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আল আমিন, কক্সবাজার জেলা সংবাদদাতা :
দিগন্তে হেলে পড়া ক্লান্ত সূর্য, গোধুলীর লাল আভায় রাঙা আকাশ আর নীল জলরাশিতে ভেসে থাকা ঢেউ এই নৈসর্গিক দৃশ্য উপভোগ করতে প্রতিদিনই ভিড় করছেন পর্যটকরা। শনিবার ছুটির দিনে কক্সবাজার সমুদ্র সৈকতে ছিল চোখে পড়ার মতো পর্যটকের উপস্থিতি।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে পরিবার নিয়ে প্রথমবার সমুদ্র দেখতে আসা মিনাক্ষী চক্রবর্তী বলেন, অসংখ্য ঢেউ আর পশ্চিম আকাশে সূর্যের অস্ত যাওয়া সব মিলিয়ে এটি এক অপূর্ব মুহূর্ত, অন্যরকম ভালো লাগা।
বরিশালের বাসিন্দা ছগির দস্তিদার জানান, শিশুদের পরীক্ষা শেষ হওয়ায় এ সময় পরিবার নিয়ে ঘুরতে এসেছেন। তার মতে, বর্তমানে কক্সবাজারের পরিবেশ ও নিরাপত্তা আগের চেয়ে ভালো।
পর্যটকের আনাগোনা বাড়ায় সচল হয়ে উঠেছে সাগরতীরের ব্যবসা-বাণিজ্য। হোটেল-মোটেল ও পর্যটন সংশ্লিষ্ট খাতে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য। ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক)-এর সাধারণ সম্পাদক নুরুল কবির পাশা পল্লব জানান, বর্তমানে হোটেলগুলোর প্রায় ৮০ শতাংশ রুম বুকিং সম্পন্ন হয়েছে। বাচ্চাদের বার্ষিক পরীক্ষা শেষ হওয়া এবং সামনে নির্বাচন থাকায় অনেকেই আগেভাগে কক্সবাজার ভ্রমণে আসছেন। থার্টি ফার্স্ট উপলক্ষে ৫০–৬০ শতাংশ রুম আগাম বুকিং হয়েছে বলেও তিনি জানান।
হোটেল প্রাসাদ প্যারাডাইজের ফ্রন্ট অফিস ম্যানেজার একে রানা বলেন, বর্তমানে প্রায় ৭০ শতাংশ রুম বুকিং হয়েছে। তবে রাজনৈতিক অস্থিরতার কারণে অন্যান্য বছরের তুলনায় পর্যটকের সংখ্যা কিছুটা কম।
এদিকে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ সর্বক্ষণ কাজ করছে বলে জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ। তিনি বলেন, হয়রানি প্রতিরোধসহ পর্যটকদের সার্বিক সেবা দিতে ট্যুরিস্ট পুলিশ তৎপর রয়েছে এবং কোনো সমস্যায় পড়লে দ্রুত যোগাযোগ করার আহ্বান জানান।
সব মিলিয়ে ধীরে ধীরে কক্সবাজারে বাড়ছে পর্যটকের উপস্থিতি। পর্যটন সংশ্লিষ্টদের আশা, ডিসেম্বর মাসজুড়েই পর্যটকের চাপ অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :