জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের পক্ষে ভাষণ দেবেন।
প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই হবে তারেক রহমানের প্রথম নিউইয়র্ক সফর। একই সঙ্গে প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদে এটিই হবে তার প্রথম ভাষণ।
প্রধানমন্ত্রীর দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, জাতিসংঘ সাধারণ পরিষদের এবারের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে। কারণ, ৮১তম অধিবেশনে সভাপতিত্ব করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, যিনি জাতিসংঘ সাধারণ পরিষদের নবনির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।
সফরকালে সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন বলেও জানা গেছে।
এ ছাড়া নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত এক মতবিনিময় সভায় যোগ দেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের সরকারপ্রধান ও শীর্ষ নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করার সম্ভাবনাও রয়েছে।
প্রধানমন্ত্রীর এই সফরে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে দ্বিপক্ষীয় আলোচনা এবং কূটনৈতিক তৎপরতা জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
আপনার মতামত লিখুন :