জামানত ছাড়াই সম্ভাবনাময় স্টার্টআপে সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
নতুন ধারণা ও উদ্ভাবনী উদ্যোগ নিয়ে স্টার্টআপ খাতে সরকার কাজ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয় থেকে ৫০০ কোটি টাকার বাজেট রাখা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, “একজন স্টার্টআপ উদ্যোক্তাকে ৫ লাখ টাকা থেকে শুরু করে ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা করার চেষ্টা করা হবে। নিরপেক্ষ একটি কমিটির মাধ্যমে উদ্যোক্তাদের প্রকল্প যাচাই করে অর্থ সহায়তা দেওয়া হবে।”
তিনি আরও বলেন, কোনো উদ্যোক্তার প্রথম উদ্যোগ ব্যর্থ হলেও তার মধ্যে সম্ভাবনা থাকলে দ্বিতীয়বারও অর্থ সহায়তার সুযোগ দেওয়া হবে।
প্রধানমন্ত্রী বলেন, অনেক সম্ভাবনাময় উদ্যোক্তা ব্যাংক ঋণের ক্ষেত্রে জামানত বা প্রয়োজনীয় কাগজপত্রের জটিলতায় পিছিয়ে পড়েন। এই সমস্যা দূর করতে সরকার একটি নিরপেক্ষ কমিটি গঠন করেছে। ওই কমিটিতে কোনো মন্ত্রী বা উপদেষ্টা থাকবেন না; তারা উদ্যোক্তাদের প্রকল্প মূল্যায়ন করে সিদ্ধান্ত নেবেন।
তিনি বলেন, তরুণদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে সরকার স্টার্টআপ খাতকে গুরুত্ব দিচ্ছে।
এর আগে মঙ্গলবার সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছালে ছাত্রদলের নেতাকর্মীরা তাকে স্বাগত জানিয়ে মিছিল করেন।
সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে এটি তার দ্বিতীয় ঢাকা বিশ্ববিদ্যালয় সফর।
আপনার মতামত লিখুন :