আমতলীতে অবৈধ জমি দখলের দায়ে দুজনের কারাদণ্ড, আদালতের নির্দেশে জমি উদ্ধার


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

জাকিয়া সুলতানা, বরগুনা জেলা প্রতিনিধি :

বরগুনার আমতলী উপজেলায় অবৈধভাবে জমি দখল করে স্থাপনা নির্মাণের দায়ে মো. ইসমাইল মাওলানা ও মো. মাহাবুব নামে দুই ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দখলকৃত জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রকৃত মালিককে জমির দখল বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (৮ জুন) বিকেলে আমতলী উপজেলার পূর্ব চুনাখালী গ্রামে সরেজমিনে উপস্থিত হয়ে এই সংক্ষিপ্ত বিচার বা সামারি ট্রায়াল সম্পন্ন করেন আমতলী উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইফতি হাসান ইমরান।

আদালত সূত্রে জানা যায়, পূর্ব চুনাখালী গ্রামের বাসিন্দা মোসা. রেবেকা তার মালিকানাধীন জমি অবৈধভাবে দখল করে ঘর নির্মাণের অভিযোগ এনে গত ১ জুন আদালতে একটি মামলা (সি আর ৭৪০/২৬) দায়ের করেন। মামলায় তিনি ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন অনুযায়ী জমি উদ্ধারের আবেদন জানান।

অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালত ঘটনাস্থলেই সংক্ষিপ্ত বিচার পরিচালনার সিদ্ধান্ত নেয়। সোমবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিচারক নিজে বিরোধপূর্ণ জমিতে উপস্থিত থেকে উভয় পক্ষের মৌখিক ও দালিলিক সাক্ষ্য গ্রহণ করেন এবং প্রয়োজনীয় কাগজপত্র পর্যালোচনা করেন।

সাক্ষ্যপ্রমাণ ও ঘটনাস্থল পরিদর্শনে অভিযোগের সত্যতা পাওয়ায় আদালত তাৎক্ষণিক রায় ঘোষণা করেন। রায়ে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩-এর ৭ ধারায় মো. ইসমাইল মাওলানা ও মো. মাহাবুবকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে ওই আইনের ২০ ধারা এবং ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ৫২২ ধারা অনুযায়ী জমির ওপর নির্মিত অবৈধ ঘর ও স্থাপনা অপসারণ করে অভিযোগকারী মোসা. রেবেকাকে জমির দখল বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

আদালতের বেঞ্চ সহকারী মো. আবু বকর সিদ্দিক অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় বাসিন্দারা জানান, আদালতের এই দ্রুত ও সাহসী পদক্ষেপে দীর্ঘদিনের জমি বিরোধের তাৎক্ষণিক নিষ্পত্তি হয়েছে। একজন বিচারকের সরাসরি মাঠে গিয়ে সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার ঘটনায় এলাকায় ইতিবাচক সাড়া পড়েছে এবং এটি ভূমিদস্যুদের জন্য একটি শক্ত বার্তা হয়ে থাকবে বলে মনে করছেন তারা।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ