উপসাগরীয় উত্তেজনার মাঝেও হরমুজ পাড়ি দিল চীনা সুপারট্যাংকার


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৪ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে দীর্ঘদিন উপসাগরে আটকে থাকার পর প্রায় ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল নিয়ে হরমুজ প্রণালি অতিক্রম করেছে একটি চীনা সুপারট্যাংকার। ঘটনাটি মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি ও বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

জাহাজ পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান এলএসইজি ও ক্যাপ্লারের তথ্য অনুযায়ী, বুধবার ‘ইউয়ান হুয়া হু’ নামের ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার (ভিএলসিসি) শ্রেণির ট্যাংকারটি ইরাকি অপরিশোধিত তেল বহন করে হরমুজ প্রণালি পাড়ি দেয়। জাহাজটিতে প্রায় ২০ লাখ ব্যারেল ‘বসরা মিডিয়াম’ তেল রয়েছে। বর্তমানে এটি ওমান উপসাগরের কাছে নোঙর করে আছে।

এমন সময়ে ট্যাংকারটির যাত্রা সম্পন্ন হলো, যখন উপসাগরীয় অঞ্চলে মার্কিন নৌবাহিনীর নজরদারি ও অবরোধ আরও জোরদার হয়েছে। বিভিন্ন সূত্র বলছে, ইরানি জাহাজগুলোর ওপর কড়া নজর রাখছে যুক্তরাষ্ট্র।

বিশ্লেষকদের মতে, এই ঘটনা কূটনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। কারণ আগামী দুই দিনের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক হওয়ার কথা রয়েছে। এর আগে গত সপ্তাহে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বেইজিং সফর করেন।

জাহাজ পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ শুরুর পর এটি হরমুজ প্রণালি অতিক্রম করা তৃতীয় চীনা তেলবাহী ট্যাংকার।

এদিকে হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ আরও জোরদার হয়েছে বলেও বিভিন্ন সূত্রে জানা গেছে। তেহরান ইতোমধ্যে ইরাক ও পাকিস্তানের সঙ্গে তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহন নিয়ে চুক্তি করেছে। আরও কয়েকটি দেশ একই ধরনের চুক্তির সম্ভাবনা যাচাই করছে বলে খবর পাওয়া গেছে।

‘ইউয়ান হুয়া হু’ জাহাজটি পরিচালনা করছে চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কসকো শিপিং এনার্জি ট্রান্সপোর্টেশনের হাইনান ইউনিট। এটি চার্টার করেছে চীনের রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান সিনোপেকের ট্রেডিং শাখা ইউনিপেক।

তথ্য অনুযায়ী, মার্চের শুরুতে ইরাকের বসরা টার্মিনাল থেকে তেল বোঝাই করার পর থেকেই জাহাজটি উপসাগরে আটকে ছিল। বর্তমানে এটি এশিয়ার উদ্দেশে যাত্রা অব্যাহত রেখেছে।

এ ছাড়া ‘শিয়াং জিয়াং কৌ’ নামের আরেকটি চীনা যানবাহনবাহী জাহাজও গত ১২ ঘণ্টায় হরমুজ প্রণালি অতিক্রম করেছে। স্যাটেলাইট বিশ্লেষণে দেখা গেছে, জাহাজটি তাদের পাবলিক ট্রান্সপন্ডারে ‘চীনা জাহাজ ও নাবিক’ বার্তা সম্প্রচার করেছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ